ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা শহরের পানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদীগুলোর পানি দূষণ রোধে সরকার পাইপ লাইনের মাধ্যমে যমুনা নদী থেকে পানি সংগ্রহ ও সরবরাহের একটি প্রকল্প গ্রহণ করছে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের ৬১৬ কোটি টাকা ব্যয় হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মন্ত্রণালয়ের সভাকক্ষে 'ঢাকা শহরে পানি সরবরাহ পরিস্থিতি এবং ঢাকার পাশ্ববর্তী নদীগুলোর পানি দূষণ রোধ' বিষয়ক বৈঠকের শেষে সোমবার সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ঢাকা শহরে বর্তমানে ওয়াসার ভূ-গর্ভস্থ পাম্পগুলো মাটির তলদেশ থেকে পানি সংগ্রহ করে নাগরিকদের পানি সরবরাহ করছে। এতে পানির স্তর যেমন নিচে নেমে যাচ্ছে , তেমনি মাটির নিচে শূন্যতা সৃষ্টি হয়েছে। এতে যেকোন রকমের প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ ধস হতে পারে।
উপদেষ্টা আরও জানান, এর আগে মুন্সীগঞ্জের মাওয়া থেকে পানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলেও আর্থিক ব্যায়ের বিষয়টি বিবেচনা করে ওই প্রকল্প বাতিল করা হয়।
ঢাকার পাশ্ববর্তী নদীগুলোর পানি দূষণ রোধে যমুনা থেকে পানি এনে সেখানে সরবরাহ করলে নদীগুলোর পানির স্তর অন্তত দুই মিটার বাড়বে বলে জানান তিনি।
তিনি নতুন প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান প্রসঙ্গে বলেন, "অর্থ দেওয়ার জন্য দাতা দেশগুলো আগ্রহ প্রকাশ করেছে। দাতা দেশগুলোর কাছ থেকে পাওয়া না গেলে সরকারি কোষাগার থেকে এ অর্থের যোগান দেওয়া হবে।"
ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি১৫৪০ ঘ.
bdnews24