ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় দেশগুলোর সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক আস্থাহীনতাকে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'দক্ষিণ এশিয়া: প্রবৃদ্ধি ও আঞ্চলিক সমন্বয়' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "প্রতিবেশী দেশগুলোর মধ্যে রাজনৈতিক আস্থাহীনতা সার্ক এর জন্য একটি বড় বাধা।"
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালক সাদিক আহমেদ এবং বিশ্ব ব্যাংক কর্মকর্তা এজাজ ঘনি যৌথভাবে বইটি সম্পাদনা করেছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান বইটির ওপর আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, দক্ষিণ এশিয়া দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যান্য অঞ্চলের অবহেলার শিকার হয়ে আসছে। ইদানিং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়নে সাফল্য পাওয়ায় এই অঞ্চলের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
তিনি বলেন, "সবার লাভের জন্যই এ অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো উচিত। অথচ অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত বড়ভাই সুলভ ভূমিকা নিয়ে আসছে।"
এ অঞ্চলের সরকারগুলোর মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে মির্জ্জা আজিজুল বলেন, হংকং ও সিঙ্গাপুর ছাড়া অন্য কোনো দেশের অর্থনীতিতে সরাসরি বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি।
আকবর আলী খান ও ফারুক সোবহান তাদের বক্তব্যে আন্তঃযোগাযোগের বিষয়টিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেন।
প্রকাশিত বইটি নিয়ে আলোচনায় আকবর আলী খান বলেন, এ অঞ্চলের দারিদ্রের বিষয়টি বইটিতে এড়িয়ে যাওয়া হয়েছে।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান জু ও অধ্যাপক মোজাফ্ফর আহমেদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/২২৪৩ ঘ.
bdnews24