ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলুসহ আটজনকে রোববার সম্পত্তির হিসাব দেওয়ার নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের তৈরি করা বিভিন্ন তালিকার ১৯৪ জনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ওই আটজনকে নোটিশ পাঠানো বাকি ছিল।
কমিশনের পরিচালক নাসরীন আরা সুরাত আমিন এসব নোটিশ পাঠানোর কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর কাছে স্বীকার করেছেন।
এদিকে কুমিল্লার পৌর চেয়ারম্যান বিএনপি নেতা মনিরুল ইসলাম সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন রোববার কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে তার স্বামীর সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। অবশ্য এর পরিমাণ জানা যায়নি।
গত ১ জুলাই যে ১৭ জনকে একযোগে নোটিশ পাঠানো হয় তাতে সাক্কুর নাম ছিল।
অন্যদিকে গ্লোব-জনকণ্ঠ পরিবারের কর্ণধার আতিকুল্লাহ খান মাসুদের সম্পত্তির হিসাবের নথিপত্র উপস্থাপন এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শামীমা আকরাম খানকে রোববার কমিশন কার্যালয়ে তলব করা হয়।
শামীমা খানকে কমিশনে প্রায় এক ঘণ্ট জিজ্ঞাসাবাদ করা হয় বলে কমিশন সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০৪৪ ঘ.
bdnews24