২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ শাহীনূর পাশার জামিন

চাঁদাবাজির মামলায় জামিন নিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের চারদলীয় জোটের সাবেক সাংসদ ও ইসলামী ঐক্যজোটের (মুফতি আমিনী) কেন্দ্রীয় নেতা শাহীনূর পাশা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

সিলেট, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় জামিন নিয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের চারদলীয় জোটের সাবেক সাংসদ ও ইসলামী ঐক্যজোটের (মুফতি আমিনী) কেন্দ্রীয় নেতা শাহীনূর পাশা চৌধুরী। জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের মাসুক মিয়ার দায়ের করা চাঁদাবাজির মামলায় রোববার দুপুরে সিলেটের এক নম্বর আমলি আদালতের আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান শাহীনূর পাশা। তখন বিচারক মুহাম্মদ আবদুল হাই আল মাহমুদ তার আবেদন মঞ্জুর করেন। সাবেক সাংসদের পক্ষে আদালতে জামিন আবেদনকারী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এফ এম রুহুল আনাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম- কে জানান, আদালত শাহীনূর পাশাকে স্থায়ী জামিন দিয়েছে। গ্রামে পল্লী বিদ্যুত সংযোগ দেওয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে গত ২৭ জুন মাসুক মিয়া আদালতে ওই মামলা করেন। মামলায় শাহীনূর পাশা ছাড়াও জয়দা গ্রামের শফিক মিয়া, মাহবুব আলম, চুন্নু মিয়া নামে আরও তিন জনকে আসামী করা হয়। গত ৪ জুলাই মামলাটি সিলেট কোতোয়ালি থানায় নথিভুক্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৪ ঘ.