কক্সবাজার, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার জেলা প্রশাসনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শহরতলীর খুরুস্কুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বাঁধ ভেঙে খালে চিংড়ি চাষ বন্ধ করে দেবে এই ভয়ে এলাকার শত শত দরিদ্র নারী পুরুষ তিনদিন ধরে ভেড়িবাঁধ পাহাড়া দিচ্ছেন।
তেতৈয়া এলাকায় ভারুয়াখালী মৌজার জোয়ারিয়া খালে বাঁধ নির্মাণ করে ভূমিহীনরা চিংড়ি চাষ শুরু করেন। কিন্তু এ বাঁধ অবৈধ ঘোষণা করে তা অপসারণের বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিটি জারি করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর। ওই বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করেছে এলাকার ১৫০ ভূমিহীন পরিবারের গড়া 'তেতৈয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড'। সংগঠনের সদস্যরা অভিযোগ করেছেন, তাদের আইনগতভাবে প্রস্তাবিত চিংড়ি ঘের একটি প্রভাবশালী মহল দখলে নেওয়ার জন্য প্রশাসনকে বিভ্রান্ত করে ওই বিজ্ঞপ্তি জারি করিয়েছে।
তেতৈয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন জানান, তেতৈয়া এলাকার ১৫০টি অসহায় ও দরিদ্র পরিবার নিজেদের সহায় সম্বল বিক্রি করে নিজেরাই মাটি কেটে জোয়ারিয়া খালের পাশে জেগে ওঠা চরে বাঁধ নির্মাণ করে চিংড়ি ঘের তৈরি করেছে। সমিতির অধীনে ওই জমি লিজ পাওয়ার জন্য তারা সুনির্দিষ্টভাবে আবেদন করেছেন। আবেদনটি পরীক্ষা নিরীক্ষা করে লিজ দেওয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সুপারিশও করেছেন।
তারা আরও বলেন, কিন্তু ওই জমি লিজ পাওয়ার জন্য একটি প্রভাবশালী মহল আবেদন করেছিল। তাদের আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এখন নানাভাবে চক্রান্ত করা হচ্ছে।
শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সমিতিভুক্ত পরিবারের শত শত নারী পুরুষ ওই চিংড়ি ঘেরের বাঁধে অবস্থান নিয়েছেন।
এলাকার বৃদ্ধ আবুল খায়ের (৭২) জানান, ভূমিহীন হিসেবে ১৯৭৭ সালে তিনি সরকারিভাবে এক একর ৩৬ শতক জমি স্থায়ী বন্দোবস্তি পেয়েছিলেন। প্রভাবশালী ব্যক্তিরা তা জবরদখল করে নিয়েছেন। এখন তারা সমিতির সাধারণ সদস্যদের বেঁচে থাকার অবলম্বনটিও কেড়ে নিতে চান।
আরেক বৃদ্ধ আকবর আহমদ (৭২) বলেন, "আমরা নিজেদের শেষ সম্বল বিক্রি করে এই চিংড়ি ঘের তৈরি করেছি। এই ঘের অপসারণ করতে হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা ১৫০ পরিবার তো এই চিংড়ি ঘের নিয়েই বেঁচে আছি।"
গত ৩ জুলাই জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টরের জারি করা বিজ্ঞপ্তিতে জোয়ারিয়া খালে 'অবৈধভাবে নির্মিত' বাঁধটি সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ফৌজদারি মামলা করার হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, তিনি তদন্ত করে সমিতির সদস্যদের লিজ দেওয়ার সুপারিশ ও খাস রাজস্ব আদায়ের সুপারিশ করেছিলেন। কিন্তু বর্তমানে তা কি অবস্থায় আছে তা তার জানা নেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২৩০৯ ঘ.
bdnews24