ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্পখাতের স্বার্থে আমদানি করা তৈরি পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সরকার শেষ মুহূর্তে প্রত্যাহার করায় হতাশ শিল্প উদ্যোক্তারা।
তারা বলছেন, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে পড়েই সরকার একাজ করেছে।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার করায় আমরা হতাশ। আমরা আশা করেছিলাম দেশীয় শিল্পখাত রক্ষার যে প্রতিশ্র"তি সরকার দিয়েছিল তা পূরণ করা হবে।"
সরকার দেশীয় শিল্পখাত রক্ষার জন্য আমদানি করা তৈরি পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হয়। এই সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর করা হতে পারে বলে ওয়েবসাইটে আশাও প্রকাশ করা হয়। তবে শেষ মুহূর্তে সরকার ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।
এফবিসিসিআই সভাপতি বলেন, "দেশীয় শিল্প রক্ষায় বিশ্বের সব দেশেই এ ধরনের আইন কার্যকর রয়েছে। আন্তর্জাতিক বাজারের তীব্র প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতেই এ ধরনের শুল্ক আরোপ করা হয়ে থাকে।"
তিনি জানান, ব্যবসায়ীরা যা আশঙ্কা করছিলেন এখন তাই ঘটতে যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সরকার কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক আরোপ করেছে। কিন্তু তৈরি পণ্য আমদানির ওপর শুল্ক ২৫ শতাংশই বহাল রাখা হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ীরা আশা করেছিলেন তৈরি পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতা এড়াতে পারতো। কিন্তু সরকার তৈরি পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রত্যাহার করায় দেশীয় শিল্প খাত এখন দুই ধরনের চাপের মুখে পড়বে।
প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ কর কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি থাকার কথা যে কমিটি দেশীয় শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এমন পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি দেখভাল করবে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ কর কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, "তৈরি পণ্যের ওপর শুল্ক আরোপ করা হলে বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নিয়ম পূরণ করা হতো। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করায় বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সুবিধা নেওয়ার সুযোগ নষ্ট করলো সরকার।"
ওই কর্মকর্তা আরও জানান, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও এ ধরনের শুল্ক কার্যকর রয়েছে।
এফবিসিসিআই এর উপদেষ্টা মঞ্জুর আহমেদ বলেন, "বিষয়টি রীতিমতো হাস্যকর। রাষ্ট্রপতি বাজেটে অনুমোদন দেওয়ার পর সরকার নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করে। এরপর হঠাৎ করেই তা প্রত্যাহার করে নেওয়া হলো। এভাবে নীতিমালা প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়েও নিশ্চিত নই আমরা।"
যে কোনো দেশেরই এ ধরনের শুল্ক আরোপের অধিকার আছে জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, "বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে এ ধরনের উপদেশ কীভাবে দেয়?"
বর্তমান শুল্ক কাঠামো প্রসঙ্গে মঞ্জুর আহমেদ বলেন, "এই শুল্ক কাঠামোয় দেশের বাজার আমদানি করা পণ্যে ছেয়ে যাবে। পাশাপাশি দেশীয় শিল্প খাতও সঙ্কুচিত হয়ে আসবে।"
বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার গবেষণা পরিচালক জায়েদ বখত বাজেটে কাঁচামালের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, "সব জেনে বুঝেই সরকার দেশীয় পণ্যকে প্রতিযোগিতার মুখে ঠেলে দিচ্ছে।"
দেশীয় শিল্পকে রক্ষার জন্যও সরকারের ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল বলে মন্তব্য করেন তিনি ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জেকে/জিএনএ/১৭৩৩ ঘ.
bdnews24