কুষ্টিয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৌলতপুর সীমান্তের ঠোঁটারপাড়া এলাকায় বাবুল বিশ্বাস(৩৮) নামে এক জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে পদ্মানদীতে মাছ ধরার সময় তাকে ডেকে সীমান্তের ওপারে বিএসএফের কাচারীপাড়া ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষীরা।
বাবুল বিশ্বাসকে ফেরত দেওয়ার জন্য সকালেই বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৩২, রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর আশরাফ হোসেন চৌধুরী।
বাবুলের বাড়ি দৌলতপুর উপজেলার ইনসাফ নগর গ্রামে। তার বাবার নাম রব্বানী বিশ্বাস।
এলাকাবাসী জানান, ঠোঁটারপাড়ায় ১৫৩ নম্বর সীমানা পিলারের কাছে নদীতে মাছ ধরার সময় বিএসএফের কাচারীপাড়া ক্যাম্পের একটি টহল দল বাবুলকে কূলে ভিড়তে বলে। বাবুল তাদের কাছে গেলে তাকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়।
মেজর আশরাফ আরও জানান, বিএসএফের কাছে পাঠানো চিঠিতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও শনিবার দুপুর পর্যন্ত তার কোনও জবাব আসেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24