২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বগুড়া সদর উপজেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া এলাকায় একটি মাইক্রোবাস ও দুটি টেম্পোর সংঘর্ষে খোদেজা খাতুন (৫০) ও কবির হোসেন (২৭) নামে দুইজন নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বগুড়া সদর উপজেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া এলাকায় একটি মাইক্রোবাস ও দুটি টেম্পোর সংঘর্ষে খোদেজা খাতুন (৫০) ও কবির হোসেন (২৭) নামে দুইজন নিহত হন। দুর্ঘটনায় দুই টেম্পোর আরো ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে অশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন দাসগুপ্ত জানান, সকাল ১০টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা দুটি টেম্পোর সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হলে টেম্পো দুটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৭ টেম্পো যাত্রীর সবাই আহত হন। আহত অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সদর উপজেলার খাটিহাতা গ্রামের খোদেজা খাতুন ও কসবা উপজেলার কাইমপুর গ্রামের কবির হোসেন মারা যান। রতন দাসগুপ্ত জানান, পুলিশ মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এদিকে আমাদের বগুড়া প্রতিনিধি জানান, সদর উপজেলার এরুলিয়ায় শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় উম্মে আরা কুলসুম (৩৫) ও শাহীন (২৫) নামের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম ইকবাল জানান, বেলা সাড়ে ১২টার দিকে কুলসুম তার স্বামীর সঙ্গে আক্কেলপুর যাওয়ার জন্য এরুলিয়া রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাদের পাশ কাটাতে গিয়ে বগুড়া থেকে আক্কেলপুরগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের ধাক্কায় কুলসুম এবং খাদে পড়ে যাওয়ার পর বাসের হেল্পার শাহীন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান শামীম ইকবাল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৫১৮ ঘ.