সাতক্ষীরা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতক্ষীরায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত একটানা বর্ষণে শ্যামনগর ও আশাশুনি উপজেলার নিুাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। শুক্রবার বৃষ্টি থামলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন কৈখালি, গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ এবং পদ্মপুকুরের ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলিপ কুমার বনিক জানান, প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক'শ কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। এছাড়া মুন্সিগঞ্জের হরিনগর ও সিংহরতলি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙে গেছে।
তিনি জানান, বিরামহীন বর্ষণে পরানপুর, নৈকাটি, দুর্ঘাবাটি, লেবুবনিয়া, কামালকাটি ও পশ্চিম পাতাখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা লোকজন নিয়ে নিজ নিজ এলাকায় ফাটল মেরামতের চেষ্টা চালাচ্ছেন।
পানির স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে নদীতে দেওয়া বাঁধ ও পাটা (মাছ ধরার সামগ্রী) অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নদীগুলির পানির উচ্চতা বেড়ে যাওয়ায় লোকালয়ে জলাবদ্ধতার আশংকা আরও বাড়ছে বলে জানান শ্যমনগরের ইউএনও।
চুনারব্রিজ, চিংড়ীখালি, কাঁঠালবাড়িয়া ও ছোট ভেটখালির কাশিমারির ঝাঁপা এবং খোলাসহ বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে।
দুর্গত মানুষের আশ্রয়স্থল তৈরির জন্য শ্যামনগরের উপজেলা প্রশাসন সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে রাখার নির্দেশ দিয়েছে। শ্যামনগরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এলাকায় মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
এদিকে, আশাশুনিতে ঘোলপেটুয়া ও কপোতাক্ষ নদের বিভিন্ন পয়েন্টে পাউবো'র বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া, সুভদ্রকাটি, সনাতন কাটিসহ বিভিন্ন এলাকায় পানি উপচে লোকালয়ে ঢুকছে। সেখানে কয়েক'শ চিংড়ি ঘের পানিতে তলিয়ে যাওয়ায় লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মল্লিক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ছিল ৪১ সে. মি. ।
সাতক্ষীরার জেলা প্রশাসক মো. কেফায়েত উল্লাহ জানান, সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১০৬ ঘ.
bdnews24