বান্দরবান, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ডানিডার কর্মকর্তা শহীদ সুমনকে উদ্ধারে অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে শুক্রবার ভোরে অপহরণকারীদের গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ওই সময় মংমং নামে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বলা হচ্ছে তিনি অপহরণকারী দলের সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে তারা ডানিডার কর্মকর্তা সুমনকে উদ্ধারে থানচির ইয়াংরাই পাহাড়ে অভিযান চালান। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের কাছাকাছি চলে এলে অপহরণকারীরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। নিরাপত্তা বাহিনীও তখন পাল্টা গুলি চালায়।
ওই কর্মকর্তা আরও জানান, প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলিতে উভয়পক্ষ প্রায় ২০০ রাউন্ড গুলি খরচ করে। গোলাগুলির এক পর্যায়ে অপহরণকারীরা টিকতে না পেরে পাহাড়ের আড়ালে চলে যায়। তবে মংমং নামে ওই অপহরণকারী দলের এক সদস্য ধরা পড়ে।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।
গত ২৫ জুন খিবুরিপাড়া এলাকায় এক দল সশস্ত্র লোক হোসেন শহীদ সুমন ও গাড়িচালক মো. হানিফকে অপহরণ করে নৌকাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গত ২৮ থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩০৮ ঘ.
bdnews24