চট্টগ্রাম, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ৭টি দল ৩ দিন জরিপ চালিয়ে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৩৪টি স্থানে পাহাড় কাটার তথ্য পেয়েছে। এর সঙ্গে জড়িতদের একটি তালিকাও তৈরি করেছে অধিদপ্তর।
এ তালিকায় সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), কেইপিজেড, আবুল খায়ের গ্র"প, ইয়াকুব আলী এন্ড সন্স, কনকর্ড এন্টারটেইনমেন্ট, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন, সাতকানিয়া জামায়াত ইসলামীর আমীর ডা. নুরুল হক, বেসরকারি সংস্থা প্রশিকাসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও নামকরা প্রতিষ্ঠানের নাম রয়েছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক যাচাই বাছাইয়ের পর ১৩৪টি স্থানে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের একটি তালিকা বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। মহাপরিচালকের দপ্তর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তা বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠাবে।
তিনি জানান, ইতোমধ্যে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের কাগজপত্র ও দলিল তদন্তের জন্য অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে অল্প সময়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। দ্রুত কাজ করতে গিয়ে এবং জনবল সঙ্কটের কারণে চট্টগ্রামের সব এলাকায় জরিপ চালানো যায়নি। চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলায় মাঠ পর্যায়ে ৭টি জরিপ দল তিন দিন কাজ করে তালিকাটি তৈরি করেছে বলে জানান তিনি।
আরো সময় নিয়ে এ জরিপ চালানো গেলে আরো বিস্তারিত তথ্য পাওয়া যেত বলে মন্তব্য করেন তিনি।
নাজমুল হক বলেন, যে উদ্যোগ নেওয়া হয়েছে তা শুধু তালিকা তৈরিতেই সীমাবদ্ধ থাকবে না। প্রাথমিক প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত ও পৃথক তদন্তের মাধ্যমে তালিকায় পরিবর্তন আনা হবে।
এদিকে অধিদপ্তর সূত্র জানায়, চিহ্নিত ১৩৪টি স্থানের মধ্যে ৩৭টি স্থানে পাহাড় কাটা হয়েছে আবাসিক প্রকল্প বাস্তবায়নের জন্য। এরমধ্যে পাহাড়তলীতে সিটি কর্পোরেশনের লেক সিটি হাউজিং ও খুলশীতে কুবে হাউজিং, দক্ষিণ পাহাড়তলীতে মেয়র মহিউদ্দিন চৌধুরীর ঠাণ্ডাছড়ি ছিন্নমূল আশ্রম প্রকল্প এবং খুলশীতে চক্ষু বিশেষজ্ঞ ডা. রবিউল হোসেনের ইমপেরিয়াল হসপিটালসহ বেশ কয়েকটি আবাসন প্রকল্প রয়েছে। এছাড়া আরও ২৫ থেকে ৩০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পাহাড় কেটে ঘর বাড়ি ও দোকান নির্মাণ করেছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া কনকর্ড এন্টারটেইনমেন্টকে খুলশীতে পাহাড় কেটে জলাধার নির্মাণের জন্য অভিযুক্ত করা হয়েছে।
তালিকায় পাহাড় কেটে তৈরি ৩৫টি ইটভাটাও চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আবুল খায়ের গ্র"পের নাম রয়েছে। এছাড়া প্রশিকা বাংলাদেশ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে পাহাড় কেটেছে বলেও উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24