ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্টে গত বুধবার একটি জামিন-জালিয়াতির ঘটনা ধরা পড়ে। জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন নিয়ে অস্ত্র মামলায় ৩০ বছর কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কারাগার থেকে বের হয়ে গেছে। এ ঘটনায় হাইকোর্টের তিন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মমতাজ বেগম বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন। এতে তিন আইনজীবী মজিবুর রহমান, শেখ আবদুল হক, এইচ কে বেপারী ছাড়াও তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পল্লবী থানার একটি অস্ত্র মামলায় ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল গতবছর ৩১ মে রায়ে ছয় আসামিকে ৩০ বছর করে কারাদণ্ড দেয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে এ এম জামান খান আশিস, রফিকুল ইসলাম রনি, মোহাম্মদ আলী, আহম্মদ উল্লাহ জীবন, সুজন ও মোঃ রায়হান।
এ রায়ের বিরুদ্ধে আসামি জামান খান আশিস ও রফিকুল ইসলাম রনির পক্ষের অ্যাডভোকেট মজিবুর রহমান ও শেখ আবদুল হক হাইকোর্টে গতবছর ২২ আগষ্ট আপিল করেন। আপিলে মূল রায়ের কপি জাল করে হাইকোর্টকে জানানো হয়, এই দুই আসামি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ বছর কারাদণ্ড পেয়েছে।
গতবছর ২৪ আগষ্ট আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করেন।
কিন্তু এরপর ওই আপিলের ব্যাপারে আর কোন পদক্ষেপ না নিয়ে দুই আইনজীবী গত বছর ২০ সেপ্টেম্বর হাইকোর্টে আরেকটি আপিল করেন। এ আপিলের ওকালতনামায় স্বাক্ষর করেন অ্যাডভোকেট এইচ কে বেপারী। একই রায়ের বিরুদ্ধে দায়ের করা এই দ্বিতীয় আপিলে নিম্ন আদালতের মূল রায়ের যে জাল নকল দাখিল করা হয়েছে তাতে আসামিরা বিশেষ ক্ষমতা আইনে ৩ বছর করে কারাদণ্ড পেয়েছেন বলে দেখানো হয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা মামলায় আরও বলা হয়েছে, উভয় আপিলে ব্যবহার করা রায়, মামলা প্রাথমিক তথ্যবিবরণী ও অভিযোগপত্রের সঙ্গে ট্রাইবুনালের রায়, মামলার প্রাথমিক তথ্যবিবরণী, অভিযোগপত্রের কোন মিল নেই।
এজাহারে আরও বলা হয়েছে, মামলা প্রাথমিক তথ্যবিবরনী, অভিযোগ পত্র ও রায় জাল করে অ্যাডভোকেট মজিবুর রহমান, শেখ আবদুল হক ও এইচ কে বেপারী ও তাদের সহযোগীরা প্রথম আপিলে জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং পরের আপিলে আসামিদের জামিন পাইয়ে দিয়েছে। এর সঙ্গে এই আইনজীবীরা ছাড়াও একটি সুসংগঠিত জালিয়াতি চক্র জড়িত।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বৃহষ্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে জালিয়াতির এ ঘটনা জানতে পেরে এ মামলার নিম্ন আদলতের নথি তলব করা হয়। নথি পর্যালোচনা করে জালিয়াতির এ ঘটনার সত্যতা পেয়ে তিন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জালিয়াতির এ ঘটনার তদন্ত শুরু করেছে র্যাব, ডিজিএফআই, দুর্নীতি দমন কমিশন ও পুলিশের স্পেশাল ব্রান্স। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24