২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে দুদকের প্রাতিষ্ঠানিক কাঠামো

দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক কাঠামো ৭ থেকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। উপদেষ্টা পরিষদ এই সময়ের মধ্যে ১ হাজার ২৮১ জনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক কাঠামো ৭ থেকে ১০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। উপদেষ্টা পরিষদ এই সময়ের মধ্যে ১ হাজার ২৮১ জনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছে। কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় কমিশনের নতুন সচিব মুখলেসুর রহমান খান তার সঙ্গে ছিলেন। হাসান মশহুদ চৌধুরী জানান, বৃহস্পতিবার কমিশনের ত্রৈ-মাসিক সভায় কমিশনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে। এতে কমিশনের সার্বিক অনুসন্ধান এবং তদন্ত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, "৮ ও ১২ জুলাই কমিশনের বৈঠকে নতুন জনবলের জন্য নিয়োগ ও চাকরিবিধি চূড়ান্ত করা হবে। উপদেষ্টা পরিষদ নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো অনুমোদন করলেই কমিশনে জনবল নিয়োগ শুরু হবে। কমিশনের কার্যক্রম আরো গতিশীল করতে আগামী সপ্তাহে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আরো চারজন পরিচালককে নিয়োগ দেওয়া হবে।" দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া নারীদের জামিন দেওয়ার ক্ষেত্রে কমিশন নমনীয় ভূমিকা নেবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের মধ্যে থেকেই সবকিছু করা হবে, কারণ সাধারণ মামলায় যেসব নারীকে গ্রেপ্তার করা হয় তাদের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয় না। চেয়ারম্যান আরো বলেন, "দুর্নীতির অভিযোগে যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের অনেকেই শিক্ষিত ও ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছেন। তারা কোন কাগজে স্বাক্ষর করেছেন তা তাদের অবশ্যই জানা রয়েছে। কেউ যদি বলেন, কাগজে কি লেখা রয়েছে তা তিনি জানেন না, তা কোনো অবস্থাতেই বিশ্বাসযোগ্য হবে না।' দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, "কেউ কেউ বলছেন, এদের গ্রেপ্তার করা হলে অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। কিন্তু যাদের ব্যবসার শুরুই হয়েছে খারাপ কাজের মাধ্যমে, তাদের রক্ষা করবো কেন? তারা ব্যাংককে ফাঁকি দিয়েছেন, জনগণকে ঠকিয়েছেন, তাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।" এ সময় তিনি কমিশনের দুর্নীতি বিরোধী অভিযানে সংবাদ মাধ্যমগুলোর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এদিকে বৃহস্পতিবারও কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ১৪ জন সাধারণ নাগরিকের সঙ্গে সাক্ষাত করেছেন। বুধবার থেকে শুরু হওয়া ধারাবাহিক সাক্ষাতের অংশ হিসেবে তাদের সঙ্গে বসে তাদের অভিযোগ শোনেন তিনি। তাদের সমস্যাগুলোর বিষয়ে বিধিসম্মত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এছাড়া জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন একই দিন কমিশন চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১২৬ ঘ.