২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগমা হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় তাকে আত্মসমর্পন দেখানো হয়েছে। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় সিগমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল চারটা বিশ মিনিটে এই মামলায় নাজমুল হুদা এবং সিগমা হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় তাকে আত্মসমর্পন দেখানো হয়েছে। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় সিগমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল চারটা বিশ মিনিটে এই মামলায় নাজমুল হুদা এবং সিগমা হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ৯ জুলাই থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলার বিবরনে জানা যায়, নাজমুল হুদা মীর জহির হোসেন নামে সড়ক ও জনপথ এর এক ঠিকাদারের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নিয়ে সিগমা হুদার প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা খবরের অন্তরালে এর একাউন্টে জমা দেন। সিগমা হুদা এখান থেকে ১ কোটি টাকা তুলে একটি বেসরকারি ব্যাংকে তার দুই মেয়ের নামে স্থায়ী আমানত হিসেবে জমা দেন। মামলায় নাজমুল হুদার ঘুষ নেওয়ার সহযোগী হিসেবে সিগমা হুদাকে আসামী করা হয়েছে। এর আগে দুপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদাকে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির করা হয়। সেনাবাহিনীর দুটি গাড়ি অ্যাম্বুলেন্সটিকে পাহারা দিয়ে তাকে নিয়ে আসে। সিগমা হুদাকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তার বোন উন্নয়ন কর্মী খুশী কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে আটক করা হয়নি। তিনি নিজেই ল্যাবএইড থেকে আদালতে হাজিরা দিতে এসেছেন।" বুধবার একটি দুর্নীতির মামলায় সিগমা হুদার দায়ের করা রিট আবেদন নাকচ করে দেয় হাইকোর্ট। সিগমা তার আবেদনে বলেন, তিনি মানব পাচার বিষয়ক জাতিসংঘের বিশেষ তথ্য সংগ্রাহক ও প্রতিবেদক (র‌্যাপোটিয়ার) হওয়ায় গ্রেপ্তার কিংবা আটকাদেশ থেকে রেহাই পাওয়ার অধিকার পেতে পারেন। অন্যদিকে সিগমাকে গ্রেপ্তার করার ব্যাপারে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা তিন সপ্তাহের জন্য স্থগিত করে দেয় প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি অবকাশকালীন বেঞ্চ। হাইকোর্টের আদেশে সিগমা হুদাকে ৬ জুন থেকে পরবর্তী আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমপর্নের নির্দেশ দেওয়া হয়। সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে হাইকোর্ট গত ৬ জুন আট সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করার আদেশ জারি করে। মীর জহির হোসেন নামে সড়ক ও জনপথ এর এক ঠিকাদার সিগমা হুদা এবং নাজমুল হুদার বিরুদ্ধে তার কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ধানমন্ডি থানায় এই দুর্নীতি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে চাপ দিয়ে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। তার ধানমণ্ডির বাসায় তিনটি চেকের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে দিতে বাধ্য হন মীর জাহির। গত ৪ জুন প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ ওইদিনই অভিযোগপত্রটি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়ে দেন। ১ জুলাই নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের দিন পিছিয়ে যায়। বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায়ের আদালত নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেন (৫ জুলাই) বৃহস্পতিবার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/পিসি/আরএ/জিএনএ/১৬৪০ ঘ.