পটুয়াখালী, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখন আলতাফ হোসেন চৌধুরী নেই। পুলিশবাহিনীকে এখন স্বাধীনভাবে কাজ করতে হবে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের এলাকায় গিয়ে এ কথা বললেন পুলিশ প্রধান নূর মোহাম্মদ।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সার্কিট হাউজে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন পুলিশ প্রধান।
সভায় নূর মোহাম্মদ বলেন, "পুলিশ বাহিনীতে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন দেশে যে সময় চলছে, তাকে কাজে লাগিয়ে পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। স্বাধীনভাবে নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এখন তো আলতাফ হোসেন চৌধুরী নেই। স্বাধীনভাবে কাজে বাধা কোথায়?"
পুলিশের বরিশাল রেঞ্জের উপমাহাপরিদর্শক আমিনুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার খান সাইদ হাসান, জেলা প্রশাসক এ জি এম মীর মশিউল আলম সভায় উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ এরপর সকাল ১১টায় পটুয়াখালী পুলিশ লাইনে কল্যাণসভায় যোগ দেন। দুপুরে মহীপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
প্রসঙ্গত, পটুয়াখালী সদর আসনের সাবেক সাংসদ আলতাফ হোসেন চৌধুরীকে তার ঢাকার বাসা থেকে গত ২৯ মে যৌথবাহিনী গ্রেপ্তার করে।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আলতাফ হোসেন চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বকালে কিছু মন্তব্যের জন্য বিতর্কিত হয়ে পড়েন তিনি। এরপর তাকে সে দায়িত্ব থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সরকারের মেয়াদকালের শেষ ভাগে তাকে সে দায়িত্ব থেকেও সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রাখা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৭ ঘ.
bdnews24