ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর তোপখানার একটি রেস্তোরাঁ থেকে বুধবার এক ভুয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সাইফুদ্দিন আহম্মেদ ওরফে ফয়েজ (৪৫) নামে ওই ব্যক্তি নিজেকে দুদকের উপ--পরিচালক পরিচয় দিয়ে এলিফ্যান্ট রোডের এক হোটেল মালিককে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল বলে পুলিশ কর্মকর্তারা জানান।
গোয়েন্দা পুলিশের উপ--পরিদর্শক মো. তাইহাতুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই লোক গত ২০ জুন অ্যালিফেন্ট রোডের খুশবু রেস্টুরেন্টের মালিক মামুনের কাছে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
ভয় পেয়ে মামুন এক লাখ ১০ হাজার টাকার চুক্তিতে পৌঁছান এবং ওই দিনই তাকে ৬০ হাজার টাকা দেন। বুধবার বাদবাকি টাকা দেওয়ার কথা ছিল।
বাদবাকি টাকা নেওয়ার জন্য ফিরোজ বুধবার তোপখানা রোডের ক্যাফে ঝিল রেস্টুরেন্ট আসলে গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার নাসিরউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে ফিরোজের দেওয়া তথ্য অনুযায়ী শাহজাহানপুর এলাকা থেকে চাঁদার ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে ফিরোজকে বৃহস্পতিবার মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে গোয়েন্দা পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১৫২ ঘ.
bdnews24