২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার প্রতিরোধে তদন্তের ক্ষমতা পেল দুদক

মুদ্রা পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন রোধে মুদ্রা পাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ সংক্রান্ত তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মুদ্রা পাচার ও সন্ত্রাসীদের অর্থায়ন রোধে মুদ্রা পাচার প্রতিরোধ অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ সংক্রান্ত তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বুধবার উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। গত ১৯ মার্চ উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত খসড়া অধ্যাদেশটি অনুমোদন করে চুড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। ফাহিম মুনয়েম বলেন, "এখন থেকে দুর্নীতি দমন কমিশনই এসব অভিযোগ তদন্ত করবে। আগে বাংলাদেশ ব্যাংকের অধীনে এসব তদন্ত পরিচালিত হতো। আইনি জটিলতা দেখা দিলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও সংশোধিত ফৌজদারী কার্যবিধি ২০০৭ অনুযায়ী সমস্যা সমাধান করা হবে।" এছাড়া এসব অপরাধের বিচার কাজ জজ আদালতের পরিবর্তে বিশেষ জজ আদালতে সম্পন্ন করা হবে। এই অধ্যাদেশের আওতায় দুর্নীতি ও ঘুষ, মুদ্রা জালকরণ, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, অবৈধ অস্ত্রের ব্যবসা, মাদক ও নেশা জাতীয় পণ্যের ব্যবসা, চোরাই ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, চোরাকারবারি, দেশি--বিদেশি মুদ্রা পাচার, আদম পাচার ও অবৈধ অভিবাসন, সন্ত্রাসীদের অর্থায়ন ইত্যাদি অপরাধ হিসেবে বিবেচিত হবে। সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ের অব্যহত চাপের মধ্যে সরকার এই মুদ্রাপাচার প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন করল। বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, "নতুন অধ্যাদেশটি 'মুদ্রা পাচার প্রতিরোধ আইন--২০০২' এর পরিবর্তে কার্যকর হবে। ওই আইনটি মুদ্রা পাচার সংক্রান্ত অপরাধ মোকাাবেলায় যথেষ্ট ছিল না। এমনকি মুদ্রা পাচারের সংক্রান্ত অপরাধের সুনির্দিষ্ট ব্যাখ্যাও তাতে নেই।" অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক বিভিন্ন ব্যাংক, কুরিয়ার সার্ভিস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান, মানি চেঞ্জার, অর্থ প্রেরণকারী কোম্পানি, পেশাজীবী, পোস্ট অফিস, রিয়েল এস্টেট কোম্পানি, শেয়ার ব্রোকার্স, সাব রেজিস্ট্রার কার্যালয়, এনজিও, সমবায় ব্যাংকসহ সমবায় সমিতি, দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য দেওয়ার বিধান রাখা হয়েছে। মুদ্রা পাচার এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন রোধে কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতা দেওয়া হয়েছে। কর্মকর্তাটি জানান, বাংলাদেশ ব্যাংকে তথ্য সরবাহে অসচ্ছতা বজায় রাখলে এধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য জরিমানার হার বাড়ানো হয়েছে। ২০০২ সালের মুদ্রাপাচার প্রতিরোধ আইনে এই জরিমানার পরিমাণ ছিল সর্বোচ্চ এক লাখ টাকা। বিডিনিাুজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/০০০৩ ঘ.