সিলেট, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের চারদলীয় জোটের সাবেক সাংসদ, ইসলামী ঐক্যজোটের (মুফতি আমিনী) কেন্দ্রীয় নেতা শাহীনূর পাশা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলাটি বুধবার সিলেট কোতোয়ালি থানায় নথিভুক্ত হয়েছে।
প্রাথমিক তদন্ত শেষে মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর। তিনি আরও জানান, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
শাহীনূর পাশার বিরুদ্ধে সিলেটের এক নম্বর আমলি আদালতে গত ২৭ জুন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের মাসুক মিয়া মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে মাসুক মিয়া অভিযোগ করেন, শাহীনুর পাশা সাংসদ থাকাকালে জয়দা গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। গ্রামে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওই টাকা ফেরত চাওয়া হলে তিনি টাকা ফেরত দেবেন বলেও দেননি।
মামলায় শাহীনূর পাশা ছাড়াও জয়দা গ্রামের শফিক মিয়া, মাহবুব আলম, চুন্নু মিয়া নামে আরও তিন ব্যক্তিকে আসামী করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০১৮ ঘ.
bdnews24