ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের ১৫ কোটি লোকের ৩০ কোটি হাতকে দক্ষ করে তুলতে পারলে বিদেশি বিশেষজ্ঞ আনার প্রয়োজন হবে না। শুধু ত্রাণ দিয়ে মঙ্গাকবলিত এলাকায় সমস্যার সমাধান করা যাবে না। পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্র 'বিজিএমইএ ইন্সটিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজি'র (বিআইএফটি) এক অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে পোশাক শিল্পের উদ্যোক্তরা দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর গুরুত্ব তুলে ধরে এ ব্যাপারে সেনা প্রধানের ভূমিকা রাখার আহ্বান জানান।
উত্তরায় বিআইএফটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন, "আপনি সরকার প্রধানদের একজন। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো প্রয়োজন। এ দায়িত্ব সরকার ও সরকার প্রধানদের। এ ক্ষেত্রে আগের নেতৃত্ব ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার প্রধানদের একজন হিসেবে আপনি এ ক্ষেত্রে সুচিন্তিত ভূমিকা রাখতে পারেন।"
পোশাক ব্যবসায়ীদের নেতা ও এফবিসিসিআই-র আসন্ন নির্বাচনে সভাপতি পদের অন্যতম প্রার্থী আনিসুল হক বলেন, "রাজনৈতিক অস্থিতিশীলতার সময় যখন ব্যবসায়ী নেতারা দুই দলের সাধারণ সম্পাদককে একসঙ্গে বসানোর চেষ্টা করেছিল তখন উভয় দলের নেতারাই বলেন সেনাবাহিনী তাদের সঙ্গে আছে। কিন্তু এদেশের সেনাবাহিনী আসলে জনগণের সঙ্গে আছে এটা প্রমাণিত হয়েছে।"
জেনারেল মইন উ আহমেদ বলেন, মঙ্গা কবলিত এলাকার জনগণকে চাকরি দেওয়ার দেওয়ার জন্য তিনি বিজিএমইএ-কে অনুরোধ করেছিলেন। কারণ মঙ্গাকবলিত এলাকায় শুধুমাত্র ত্রাণ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। বিজিএমইএ তার আহ্বানে সাড়া দিয়ে প্রতিমাসে ওই অঞ্চল থেকে সেনাবাহিনীর বাছাই করা ৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরির নিয়োগপত্র দেয়।
তিনি বলেন, মঙ্গাকবলিত এলাকার সমস্যা দূর করতে এটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। যাদের সামর্থ্য আছে তারা সবাই হাত বাড়িয়ে দিলে দেশ থেকে মঙ্গা দূর করা সম্ভব। এজন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
ব্যবসায়ী নেতারা বিআইএফটির নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ প্রসঙ্গ তুললে তিনি বলেন, এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করবেন। তিনি আরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য বিজিএমইএকে অনুরোধ করেন।
বিআইএফটির সভাপতি বেনজির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহমেদ, জেনারেল মইনের স্ত্রী নাজনীন মইন ও বিজিএমইএর সভাপতির স্ত্রী আনোয়ারুল পারুলও সহ অনেক বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্যুয়েটার তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও চাকরির নিয়োগপত্র উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান। অনুষ্ঠানের শুরুতেই ফ্যাশন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ফ্যাশন শো'তে তাদের তৈরি পোশাক উপস্থাপন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জিএনএ/এমএইচবি/১৯৩১ ঘ.
bdnews24