২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬টি মাঝারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

বেসরকারি খাতে মোট ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম আরো ৬টি মাঝারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। ১০ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই দরপত্রগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে মোট ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম আরো ৬টি মাঝারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী। ১০ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই দরপত্রগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বুধবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে সোমবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বেসরকারী খাতে আরো ১০টি ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। বুধবার উপদেষ্টা জানান, শাহজিবাজারে ৮০ মেগাওয়াট, শিকলবাহায় ৫০, ফেঞ্চুগঞ্জে ৫০, ফেনীতে ২০, কুমারগাঁওয়ে ২০ ও বারবকুণ্ডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই দরপত্রগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, "প্রতিষ্ঠানগুলো এখন থেকে কাজ শুরু করলে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ করা সম্ভব।" এছাড়া সোমবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন পাওয়া ১০টি ছোট বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হবে আরো ১৯০ মেগাওয়াট বিদ্যুৎ। এসব কেন্দ্র স্থাপন করা হবে কুমিল্লার জাঙ্গালিয়া, গাজীপুরের মাওনা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফেনী, চট্টগ্রামের বারবকুণ্ড, টাঙ্গাইল, নরসিংদী, উল্লাপাড়া, সিলেটের হবিগঞ্জ ও মহিপালে। এই ১০টি বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ ২ টাকা ৪৯ পয়সা ও সর্বনিম্ন ২ টাকা ২৮ পয়সা ইউনিট হারে বিদ্যুৎ কিনবে সরকার। উপদেষ্টা বলেন, "আগামী সপ্তাহের মধ্যে এই ১০টি কেন্দ্র স্থাপনের ব্যাপারে উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে তাদের কার্যাদেশ দেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/১৬৩৪ ঘ.