রবিউল হাসান ডলার
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কার্যালয়ে বুধবার ব্যাপক ভাংচুর চালিয়েছে সার নিতে আসা কৃষকরা। তারা কার্যালয় তছনছ এবং আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
কৃষকদের হামলায় আহত হয়েছেন ইউএনওসহ তিন কর্মকর্তা। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও কৃষকরা জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন হাজারেরও বেশি কৃষক সকালে সার সংগ্রহের টোকেন নেওয়ার জন্য উপজেলা পরিষদ ভবনে জড়ো হন। উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সমবেত কৃষকদের টোকেন দেওয়া শুরু করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর মোরশেদ ওই স্থানে আসেন। তার সঙ্গে কথা না বলে টোকেন দেওয়ার জন্য সাইদুর রহমানকে চড়-থাপ্পড় মারেন তিনি। এ ঘটনায় টোকেন সরবরাহ বন্ধ হয়ে গেলে কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ পর্যায়ে ক্ষুব্ধ কৃষকরা ইউএনও মনজুর মোরশেদের ওপর চড়াও হয়। এরপর আধঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা কৃষি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে কৃষকরা। তারা কার্যালয়গুলোর কাগজপত্র তছনছ করে এবং আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
কৃষকদের হামলায় আহত হন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি বিভাগের মনিটরিং অফিসার আসাদুজ্জামান। ওই সময় আব্দুল লতিফ নামে এক কৃষকও আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। অবস্থা আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আসাদুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং আব্দুল লতিফকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই জেলা প্রশাসক শাহাদাত হোসেন, পুলিশ সুপার মোখলেসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নাচোল যান।
দুপুরে তারা উপজেলা প্রশাসন ও ১০ জন কৃষক প্রতিনিধির সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে বৈঠক করেন। যৌথবাহিনীর প্রতিনিধিরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জেলা প্রশাসক শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "কী কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। সার বিতরণ ব্যবস্থায় কোনও ক্রটি থাকলে তা সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর এ ঘটনায় কোনও সরকারি কর্মচারীর অবহেলা থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তবে সারের কোনও সঙ্কট নেই বলে দাবি করেন তিনি।
বৈঠকে অংশ নেওয়া কৃষক প্রতিনিধি আলাউদ্দিন জানান, আগামীতে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।
এদিকে কসবা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের কালু, ইসলামপুরের হযরত আলী, কল্যাণনগর গ্রামের আফজাল ও মালিয়া ডাঙ্গার সেরাজুল নামে বেশ কয়েকজন কৃষক সকালের ঘটনার জন্য ইউএনও এর দুর্ব্যবহারকে দায়ী করেছেন।
তারা অভিযোগ করেন, সারের টোকেন সংগ্রহে আসা কৃষকদের সঙ্গে মনজুর মোরশেদ প্রায়ই দুর্ব্যবহার করেন।
নাচোল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মামলাও হয়নি।
ঘটনা তদন্তে বিকালে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে প্রধান করে একটি কমিটি করে। কমিটির অপর সদস্যরা হলেন কৃষি স
bdnews24