২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিন আত্মসাতের মামলায় নাদিম মোস্তফা বেকসুর খালাস

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলাম এ রায় দেন। রায়ে মামলার অপর সাত আসামীকেও খালাস দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলাম এ রায় দেন। রায়ে মামলার অপর সাত আসামীকেও খালাস দেওয়া হয়। তারা হলেন, সেলিনা খাতুন, তার স্বামী সালেক সরকার, রোকনুজ্জামান, মনছুর মাস্টার, রাকিব, আব্দুর রহমান সরকার ও জাহেদুল ইসলাম। গত ২৫ ফেব্র"য়ারি পুঠিয়ার বেলপুকুর এলাকার সেলিনা খাতুনের বাড়ি থেকে ত্রাণের টিন উদ্ধার করে পুঠিয়া থানা পুলিশ। এর পর থানার উপ-পরিদর্শক বি এম লিয়াকত আলী বাদী হয়ে নাদিম মোস্তফাসহ আট জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কাজি ফরিদ উদ্দিন আসামীদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার আট আসামীকে খালাস দেওয়া হয় বলে আদালতের রায়ে বলা হয়। রায় ঘোষণার সময় নাদিম মোস্তফা ও সালেক সরকার ছাড়া বাকি আসামীরা আদালতে হাজির ছিলেন। এর এক দিন আগে একই আদালত প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা অপর একটি মামলায় সাবেক এ সাংসদকে পাঁচ বছর কারাদণ্ড দেয়। নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গিমদদ ও চাঁদাবাজির অভিযোগে বাগমারা, পুঠিয়া ও দুর্গাপুর থানায় আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই এ বিএনপি নেতা পালিয়ে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৩ ঘ.