বান্দরবান, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- থানচির খিবুরিপাড়া থেকে অপহৃত ডানিডা কর্মকর্তা শহীদ সুমনের সন্ধান নয় দিনেও মেলেনি। তাকে উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। অভিযানে সেনা ও বিডিআরের ছয় শতাধিক সদস্য অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, উদ্ধার অভিযানে নতুন কৌশল হিসেবে একটি গোয়েন্দা দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আটককৃতদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে।
স্থানীয় এনজিও ও ডানিডার কর্মকর্তাসহ মোট ২৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর মধ্যে তিন জন অপহরণের সঙ্গে জড়িত বলে নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন। আটককৃতরা সবাই এখন বলিপাড়া বিডিআর ক্যাম্পে রয়েছেন।
সুমনকে নিয়ে অপহরণকারীরা এখনও নিরাপত্তা বাহিনীর তৈরি করা বেষ্টনীতেই রয়েছেন বলে ধারণা করছেন কর্মকর্তারা।
গত ২৫ জুন খিবুরিপাড়া এলাকায় এক দল সশস্ত্র লোক হোসেন শহীদ সুমন ও গাড়িচালক মো. হানিফকে অপহরণ করে নৌকাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। গত বৃহস্পতিবার থানচির ইয়াংরাই এলাকা থেকে হানিফকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24