চট্টগ্রাম জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক ভবনে আমদানি-রপ্তানি পর্যায়ের সার্বিক কার্যক্রম এখন যৌথবাহিনী সার্বক্ষণিক তদারকি করবে। বুধবার থেকে যৌথবাহিনীর তদারকি কার্যক্রম শুরু হবে।
এ জন্য শুল্কভবনের দ্বিতীয় তলায় যৌথবাহিনীর একটি পর্যবেক্ষণ সেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় শুল্ক ভবনের সম্মেলন কক্ষে শুল্ক কর্তৃপক্ষ ও যৌথবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয় বলে চট্টগ্রাম শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, আমদানি ও রপ্তানিকারকদের হয়রানির অবসানে সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে বন্দর থেকে পণ্য খালাস দ্রুততর করা, নিলাম প্রক্রিয়া জোরদার করা, আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং পিএসআই (প্রি শিপমেন্ট ইন্সপেকশন) কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি করা।
তিনি জানান, কাস্টম ঘোষিত পণ্যের নিলামে অংশ নিতে এসে কোনও ব্যবসায়ী যাতে হয়রানির শিকার না হন সে জন্য বন্দরের ৪ নম্বর ফটকে যৌথবাহিনীর একটি বুথ খোলা হবে। নিলামের বিষয়টি তদারকি করবেন সেনাবাহিনীর একজন মেজর ও একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা।
মতিউর রহমান বলেন, সভায় সিদ্ধান্ত হয় শুল্ক ভবনে আমদানি পণ্যের রাসায়নিক পরীক্ষা তদারকির জন্য যৌথবাহিনীর অপর একটি সেল কাজ করবে। এ ক্ষেত্রে কেউ যদি হয়রানির শিকার হন সেক্ষেত্রে দায়ী শুল্ক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে আটক করে কারাগারে পাঠানো হবে।
তিনি জানান, যৌথবাহিনী পিএসআই কোম্পানিগুলোর প্রতিবেদনের ভুল ত্র"টিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। বিশেষ করে মিথ্যা ঘোষণায় কোনও পণ্য আমদানির ঘটনা ধরা পড়লে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এসব নিয়ে পিএসআই কোম্পানিগুলোর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আগামী ৯ জুলাই যৌথবাহিনীর একটি বৈঠক অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/ডিডি/এমআই/২২০০ ঘ.
bdnews24