রাজশাহী, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী অতিরিক্ত দায়রা জজ রেজাউল ইসলাম এ রায় দেন।
আদালত নাদিম মোস্তফার পাশাপাশি অভিযুক্ত অপর তিন জনকেও একই সাজা দেয়। দণ্ডপ্রাপ্ত সবাইকে সাত হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ছয় মাস কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত অপর আসামীরা হলেন, অধ্যক্ষ ওমর আলী, নাজমুল গনি পিন্টু ও আব্দুল মজিদ মোল্লা।
রায় ঘোষণার সময় ওমর আলী, নাজমুল গনি পিন্টু আদালতে হাজির ছিলেন। নাদিম মোস্তফা ও আবদুল মজিদ পলাতক রয়েছেন।
চাকরি দেওয়ার নামে এক লাখ টাকা নিয়ে তা আত্মসাতের অভিযোগে সাবেক সাংসদ নাদিম মোস্তফা, ওমর আলী, পিন্টু ও মজিদ মোল্লার বিরুদ্ধে চলতি বছর ২ এপ্রিল মামলাটি দায়ের করেন পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামের মোকসেদ আলী।
এজাহারে অভিযোগ করা হয়, পুঠিয়ার ভরমপুর কলেজে বাদীর ছেলে গোলাম মোস্তফাকে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার কথা বলে ২০০২ সালের ২৯ এপ্রিল নাদিম মোস্তফা ও অপর আসামীরা এক লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন ঘুরেও বাদীর ছেলের চাকরি হয়নি এবং নেওয়া টাকাও ফেরত দেননি নাদিম মোস্তফা।
আর আসামীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার সময় মামলা করা যায়নি বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
তদন্ত শেষে গত ২২ এপ্রিল পুঠিয়া থানার উপপরির্শক (এস আই) লিয়াকত আলী মামলার অভিযোগপত্র দাখিল করেন। নাদিম মোস্তফাসহ চার আসামীর বিরুদ্ধে গত ২৯ মে আদালতে অভিযোগ গঠন হয়।
নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গিমদদ, ত্রাণের টিন আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগে আরও অন্তত ছয়টি মামলা বিচারধীন রয়েছে। জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই সাবেক এ সাংসদ পালিয়ে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৩ ঘ.
bdnews24