ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সীমান্ত এলাকায় বিভিন্ন সময় স্থাপিত ১৪৬টি শুল্ক বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাজস্ব বোর্ডের কর্মকতারা বলছেন, যাচাই বাছাই ছাড়াই রাজনৈতিক বিবেচনায় শুল্ক বন্দরগুলো স্থাপন করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে এসব শুল্ক বন্দরের তেমন কোন কার্যকারিতা নেই। সেজন্য আপাতত এগুলো স্থগিত করা হয়েছে।"
রাজস্ব বোর্ড নতুন অর্থ বছরের প্রথমদিন এক আদেশে পয়লা জুলাই থেকে ১৪৬টি বন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
তবে স্থগিত বন্দরগুলোর জনবল কী করা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এই বন্দরগুলো স্থগিত করে দেয়ায় এখন থেকে ৩৫টি শুল্কবন্দর দিয়ে স্থল পথে আমদানি রপ্তানি চলবে। ১৯৭২ সাল থেকে গত সরকার পর্যন্ত দেশে মোট ১৮১টি শুল্ক বন্দর স্থাপন করা হয়।
রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা জানান, এধরনের শুল্কবন্দর চালুর আগে যাচাই বাছাই করা হয়নি। এগুলোর কোন প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও কোন জরিপও করা হয়নি। রাজনৈতিক নেতাদের চাপে জনস্বার্থের অজুহাত দেখিয়ে এগুলো চালু করা হয়। অধিকাংশ বন্দর দিয়ে বছরের পর বছর কোন আমদানি রপ্তানি হয়নি। কিছু বন্দর দিয়ে খুবই কম আমদানি রপ্তানি হওয়ায়, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। জনবল যা নিয়োগ দেওয়া হয়েছিল তাতে সরকারের শুধু ব্যয়ই বেড়েছে। অর্থনৈতিক গুরুত্ব না থাকায় বর্তমান সরকার বাস্তব অবস্থা বিবেচনায় এনে অপ্রয়োজনীয় বা অকার্যকর শুল্ক বন্দরগুলোর কাজ স্থগিত করা হয়েছে।
১৯৭২ সালে বাংলাদেশ ভারত সীমান্তের দুই দিকে পাঁচ মাইল বা আট কিলোমিটার পর্যন্ত যাতায়াতের সুযোগ ছিল। সে সময় প্রায় একশটি পন্য এলসি'র মাধ্যমে আমদানি রপ্তানি এবং একই সঙ্গে মাথায় করেও কিছু পণ্য আনা নেওয়ার সুযোগ ছিল।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলছেন, "তাদের জন্যই মূলত এই বন্দরগুলো কর্যকর ছিল। কিন্ত অবস্থার পরিপ্রেক্ষিতে সেই পণ্য গুলো এখন আর আগের মত আসে না। ফলে অনেক দিন ধরেই বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি হচ্ছিল না। অলিখিত ভাবে এগুলো বন্ধই ছিল। এখন সরকারি আদেশ দিয়ে স্থগিত করা হয়েছ্।ে আবার প্রয়োজন হলে সরকারি আদেশ দিয়েই শুল্ক বন্দরের কার্যক্রম শুর করা হবে।"
১৪৬টি বন্দর বন্ধ করে দেওয়ায় এখন থেকে বেনাপোল, তামাবিল, সোনামসজিদ, হিলি, দর্শনা, শেওলা, বুড়িমারি, ছাতক, বিরল, রহনপুর, জকিগঞ্জ, গোবরাকুড়া, কড়ইতলী, কক্সবাজার, বেতুলী, নাকুগাও, টেকনাফ, নোয়ারাই, ভোলাগঞ্জ, ইছামতি,বিজয়পুর, ঘোষগাও, হলদিগ্রাম, লিংগুরা, কসবা, আনন্দপুর, মাদারগঞ্জ, সোনারহাটসহ মোট ৩৫টি স্থল বন্দর দিয়েই্ আমদানি রপ্তানির কাজ চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24