ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ওয়াই এম জিয়াউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন পাঁচ জন ইউপি চেয়ারম্যান।
আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম কমান্ডার, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাজু খান, লালপুর ইউপি চেয়ারম্যান মুর্শেদ মাস্টার, শরীফপুর ইউপি চেয়ারম্যান হেবজুল বারী, তালশহর ইউপি চেয়ারম্যান মো:আবু শ্যামা মঙ্গলবার জেলা প্রশাসক মো. আবদুল হাইয়ের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুল আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ইউপি চেয়ারম্যানদের অভিযোগে বলা হয়, ইউএনও আল মামুন মসজিদ নির্মাণের নামে কোটি টাকা চাঁদা তুলে লুটপাট করেছেন। এ ছাড়া ঘুষের বিনিময়ে উপজেলার দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্ম করার সুযোগ করে দিয়েছেন এবং অর্থের বিনিময়ে মেঘনা নদী থেকে বালি উত্তোলনে প্রভাবশালীদের সহযোগী হিসেবে কাজ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, অবৈধ সুযোগ-সুবিধা না দেওয়ার কারণেই তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনা হয়েছে।
এর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24