চট্টগ্রাম, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফটিকছড়ির কাঞ্চননগর রাবারবাগান এলাকা থেকে সোমবার গভীর রাতে বেশকিছু অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি জি থ্রি রাইফেল ও এর তিনটি ম্যাগাজিন, একটি থ্রি নট থ্রি রাইফেল ও এর একটি ম্যাগাজিন, পয়েন্ট ২২ বোরের এয়ারগান একটি এবং থ্রি নট থ্রি রাইফেলের ২৪৫টি, জি থ্রি রাইফেলের ৭৫টি, এম ১৬ রাইফেলের ২৪টি গুলি সহ মোট ৩৪৫ রাউন্ড গুলি।
ফটিকছড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই এনামুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে রাবারবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এফএফ/জিএনএ/১০৩০ ঘ.
bdnews24