মানিকগঞ্জ, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম জেলেপাড়ায় রোববার রাতে আগুনে একটি সর্বজনীন কালী মন্দির আংশিক পুড়ে গেছে। মন্দির কমিটি অভিযোগ, মন্দিরের জমি দখলের চেষ্টায় একটি মহল এই আগুন লাগায়।
পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ইদ্রিস (২২), রমজান আলী (১৮) এবং উজ্জ্বল (১৯)।
মন্দির কমিটির কর্মকর্তা নিতাই রাজবংশী আগুনের ঘটনায় সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন থেকে কালী মন্দিরের জমি দখল করার চেষ্টা করছে। তারাই আগুন দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে কয়েকজন দুর্বৃত্ত মন্দিরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন প্রায় আধঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। এর আগেই মন্দিরের অংশবিশেষ ও মূর্তির কিছু অংশ পুড়ে যায়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুৃর রহমান জানান, মন্দিরের সামনের জমি নিয়ে জেলে পাড়ার দুইপক্ষের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। ওই বিরোধের জের ধরেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৫২ ঘ.
bdnews24