ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে সোমবার ওয়াসার পয়ঃশোধনাগারে মাছ ধরা নিয়ে পুলিশ ও র্যাবের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
ঘটনার সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা মোট ২৫ জনকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া শ্যামপুর থানা পুলিশ আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াসা কর্তৃপক্ষ গত বুধবার থেকে পয়ঃশোধনাগারের লেগুনে বিষ দিয়ে মাছ নিধন প্রক্রিয়া শুরু করে। সোমবার দুপুরে লেগুনের পানিতে মাছ ভেসে উঠতে শুরু করলে এলাকাবাসী তা ধরার জন্য পানিতে নেমে পড়ে।
খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়। পরে র্যাব-১০ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা সেখানে গিয়ে নিষেধাজ্ঞা ভঙ্গ করে মাছ ধরার অপরাধে ২৫ জনকে আটক করে এক মাস করে কারাদণ্ড দেন। এছাড়া সংঘর্ষের সময় শ্যামপুর থানা পুলিশ আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান ইফতেখার হোসেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. আহাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লেগুন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২০৪৫ ঘ.
bdnews24