২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলে সহায়তার অভিযোগে কলেজ অধ্যক্ষকে অব্যাহতি, শিক্ষকসহ তিন জন বরখাস্ত

নকলে সহায়তার অভিযোগে আটোয়ারির মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদ আলী খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে এক শিক্ষক ও দুই কর্মচারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

পঞ্চগড়, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নকলে সহায়তার অভিযোগে আটোয়ারির মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদ আলী খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বরখাস্ত করা হয়েছে এক শিক্ষক ও দুই কর্মচারীকে। তদন্ত শেষে কলেজ পরিচালনা পর্ষদ শনিবার এ পদক্ষেপ নেয় বলে পরিচালনা পর্ষদের সদস্য হাবিব আল আজাদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন। উপাধ্যক্ষ মো. সোলায়মান আলীও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গত ৩ জুন এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে কলেজের হিসাবরক্ষক রফিকুল ইসলামের বাসা থেকে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে পুলিশ গোপাল (২৪) ও নরউত্তম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে। তারা ওই বাসায় বসেই উত্তরপত্র লিখছিল। ওই সময় তারা পুলিশকে জানায়, তাদের লেখা ওই উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হতো। এর সঙ্গে অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে পরিচালনা পর্ষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই শনিবার পরিচালনা পর্ষদের সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদ আলী খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া সমাজ কল্যাণ বিষয়ের শিক্ষক আব্দুল মান্নান, হিসাবরক্ষক রফিকুল ইসসলাম ও মুদ্রাকর মনসুর আলীকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাফিজ উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করেন। ৩ জুন গ্রেপ্তারকৃত ওই দুই যুবকের বিরুদ্ধে আটোয়ারি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। তবে কয়েকদিন পরই তারা জামিনে কারাগার থেকে মুক্তি পান। বিডিনিউজ টুয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০১ ঘ.