ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নিুচাপ এবং পূর্ণিমা তিথির প্রভাবে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বেশ কয়েকটি স্থান থেকে ট্রলারডুবির খবর পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। উপকূলবর্তী অনেক দ্বীপে বেশ কিছু ট্রলার আটকা পড়েছে বলেও জানিয়েছেন মাঝি-মাল্লারা।
আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা কচিখালী এলাকা থেকে শনিবার এক জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। তারা সাগরে টহল জোরদার করেছে। সুন্দরবনের দুবলারচর এলাকা থেকে বেশ কয়েকটি ট্রলার ডুবির সংবাদ পাওয়া গেছে।
উপকূল রক্ষী বাহিনীর পশ্চিম ও দক্ষিণ জোন, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ এবং দুবলা জেলেপল্লী বিটের কর্মকর্তাসহ সুন্দরবন সংলগ্ন সাগর এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে এ পরিস্থিতি জানা গেছে।
সূত্রগুলো জানায়, উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি বেড়েছে।
উপকূল রক্ষী বাহিনীর পশ্চিম জোনের কমান্ডার (অপারেশন) কাজী নজরুল ইসলাম জানান, সুন্দরবনের কচিখালি, ডিমের চর, নারকেলবাড়িয়া, বাদামতলা প্রভৃতি এলাকায় অবস্থানরত জেলে নৌকাগুলোকে ভেদাখালি খাল ও দুবলার চরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তাদের দুটি দল কাজ করছে।
তিনি জানান, শনিবার দুপুরে কচিখালি এলাকা থেকে তারা এনায়েত শেখ (২২) নামে এক জেলেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করেছেন। তবে শনিবার বিকাল পর্যন্ত তাদের কাছে ট্রলার ডুবির কোন সংবাদ ছিল না।
উপকূল রক্ষী বাহিনীর দক্ষিণ জোনের কমান্ডার এটিএম আশরাফ জানান, সাগর উত্তাল থাকায় পাথরঘাটা, মহিপুর, কুয়াকাটা, বরিশাল, রামগতি ও ভোলা এলাকার কয়েক শত মাছ ধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
সুন্দরবনের কচিখালী থেকে জ্ঞানপাড়ার ট্রলার মালিক আবুল কালাম মোবাইল ফোনে জানান, শুক্রবার রাতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তার মাছ ধরা ট্রলারসহ ডুবে যাওয়া সাতটি ইঞ্জিন চালিত নৌকা এবং ৪০ জন মাঝি-মাল্লাকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। আরও কয়েকটি মাছধরা ট্রলারসহ অর্ধশতাধিক মাঝিমাল্লা নিখোঁজ হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কোনও দায়িত্বশীল সূত্র শনিবার বিকাল পর্যন্ত আবুল কালামের দেওয়া তথ্য নিশ্চিত করেননি।
ভোলা প্রতিনিধি জানান, ভোলা সংলগ্ন ইলিশ মেঘনা ও তেতুলিয়া নদীতে জোয়ার দেখা দিয়েছ।
দুুদিন যাবত ভোলায় অব্যাহতভাবে কখনও হালকা কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলার সকল খাল ও শাখা খালসমূহেও স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।
জেলার নিুাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের জমি কোথাও দুই ফুট কোথাও তিন ফুট পানিতে তলিয়ে গেছে।
দৌলতখানের চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চরপাতা ইউনিয়নের বেড়িবাঁধের বাইরের এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে।
চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারা সালতিয়া জানান, চরফ্যাশনের নিন্মাঞ্চল ২/৩ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
ভোলা সদরের কাবিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, জোয়ারের পানি আর একটু বাড়লেই মাঠের চর তলিয়ে যাবে।
পটুয়াখালী সংবাদদাতা জানান, শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটার ১০ কিলোমিটার দক্ষিণে এফবি সালমা নামের একটি ট্রলার প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। মাঝি ও জেলেসহ ওই ট্রলারে ১০ জন ছিলেন।
মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মেম্বার জানান, ডুবে যাওয়া ট্রলারটির মালিক তোতা মিয়া সরকার। দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এফবি বাংলাদেশ মাঝি জমির উদ্দিনসহ জেলেদের উদ্ধার করে। তবে ট্রলারটি এখনও উদ্ধার হয়নি। ট্রলার, মাছ ও জালসহ এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
নিমাই চন্দ্র আরও জানান, জোয়ারের পানি থেকে শতাধিক ঘেরের মাছ বাঁচাতে মৎস্যজীবিরা অবিরাম পানি নিস্কাশনের ব্যবস্থা করছেন। কিছু সংখ্যক জেলে সাগরে মাছ ধরতে গেলেও এখনো শতাধিক ট্রলার কুয়াকাটা, আলীপুর, মহিপুর, রাঙাবালী, মৌডুবী, চর কাজল, আন্ডার চর সহ বিভিন্ন মোহনায় নিরাপদে নোঙর করে আছে।
পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ মিয়া জানান, নিুচাপের বিরূপ প্রভাব এখনও বিরাজ করছে। এ কারণে শনিবার সকাল থেকে ৬৫ মিটারের নিচের সব লঞ্চ ও ট্রলার চলাচল পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
পটুয়াখালী পৌর এলাকার পুরান বাজার, চকবাজার, বণিক পট্টি, একতা সড়ক, এসডিও রোড ও কাঠপট্টি এলাকায় জোয়ারের পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শনিবারও দফায় দফায় প্রবল জোয়ারে জেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। সমুদ্র তীরবর্তী শতাধিক চরে জোয়ারের পানি প্রবেশ করে জনজীবন বিপর্যন্ত করে তুলেছে।
শনিবার সকাল থেকেই ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও সমুদ্র তীরবর্তী চরাঞ্চল ও পটুয়াখালী শহরে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগর ও সাগর মোহনায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৫১ ঘ.
bdnews24