ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা শুক্রবার রাজধানীর সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মৃত জাহাঙ্গীর আলমের (৩০) লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালের নিবন্ধন খাতার বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, ২১ জুন মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুন তাকে ঢাকা মেডিকেল থেকে সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবার নাম আব্দুল মজিদ শাহ। বাড়ি লালবাগের ইসলামবাগ এলাকায়।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীর আলমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেন। এরপর পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর মারা যান। তার মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের আসবাবপত্র ও জানালার কাচ ভাঙচুর করে। ভাঙচুরের খবর শুনে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আতিকুর রহমান জানান, চিকিৎসকের ভুল চিকিৎসার ফলে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা। তারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩৪৩ ঘ.
bdnews24