কুড়িগ্রাম, ২৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে অস্ত্রপচারের দুই মাস পর রোগীর পেট থেকে গজ-ব্যান্ডেজ উদ্ধারের ঘটনায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসক ডা. নাসরীন বেগমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
কুড়িগ্রাম সদর উপজেলার হালাখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী মমিনা বেগম (২০) গত ৩০ এপ্রিল প্রসব বেদনা নিয়ে কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হন। স্বামী সেকেন্দার আলী জানান, ওই দিনই ডা. নাসরীন বেগম অস্ত্রপচার করেন এবং মমিনা বেগম একটি ছেলে সন্তনের জন্ম দেন। কিন্তু ওই সময় চিকিৎসক মমিনা বেগমের পেটের ভেতরে গজ ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেন।
পেটে প্রচণ্ড যন্ত্রণা থাকলেও গত ৭ মে মমিনাকে ছাড়পত্র দেন চিকিৎসক। বাড়িতে যাওয়ার পর রোগীর অবস্থার অবনতি হলে ২১ মে তাকে আবারো মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলেও ৬ জুন তাকে ছাড়পত্র দিয়ে দেন ডা. নাসরিন।
ইতোমধ্যে দারুণ অসুস্থ্য হয়ে পড়েন মমিনা। ১১ জুন তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করে ডাক্তার অমিত কুমার মমিনার পেটে অস্বাভাবিক বস্তুর অস্তিত্ব লক্ষ্য করেন। ২৫ জুন দুপুরে অস্ত্রপচার করে মমিনার পেট থেকে গজ ব্যান্ডেজ বের করেন তিনি।
এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে সেকেন্দার আলী দায়িত্বে অবহেলার অভিযোগে ডা. নাসরীন বেগমের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি ৩০ হাজার টাকা ক্ষতিপূরণও দাবি করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইমরানুল কবীর রুবেল জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এ প্রসঙ্গে ডা. নাসরীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মানুষ মাত্রই ভুল করে। অনেক কাজের মধ্যে এটা হয়ে গেছে।"
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবদুস সামাদ জানান, ডা. নাসরীনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে তার জবাব দেওয়ার কথা।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. ফেরদৌস আলম বলেন, "এটি অমানবিক ও দুঃখজনক। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মমিনা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১০৫ ঘ.
bdnews24