গাজীপুর, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দরগার চালা গ্রামের রফিকুল ইসলাম (৩৩) প্রতিবেশীর সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধের মামলায় আসামী হিসাবে তিন বছর সাজা খাটছেন গাজীপুর কারাগারে।
রফিক নিজেকে অপরাধী ভাবতেন এবং অন্যের কাছ থেকে সে রকম আচরণ পেতেই অভ্যস্থ হয়ে পড়েছেন।
কিন্তু বৃহস্পতিবার সকালে শ্রীপুরের ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের পাইলট প্রকল্পের দল যখন গাজীপুর কারাগারে তার ছবি, আঙ্গুলের ছাপসহ অন্যান্য তথ্য সংগ্রহ করছিলো তখন তিনি নিজেকে গর্বিত মনে করলেন।
"আমি কখনও কল্পনা করিনি বন্দী অবস্থায় ভোটার হতে পারবো। ছবিসহ জাতীয় পরিচয়পত্র পাবো", প্রকল্পের কর্মকর্তারা জানালেন রফিকের অনুভূতি।
রফিকের মতো শ্রীপুরের আরও ৩৫ জন বন্দী পাইলট প্রকল্পের আওতায় ভোটার তালিকাভুক্ত হন বৃহস্পতিবার। এর মধ্যে ৩১ জন গাজীপুর জেলা কারাগার এবং পাঁচ জন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোটার আইন অনুযায়ী কারাগারের বন্দীরা তাদের স্থায়ী ঠিকানায় ভোটার হতে পারেন।
নির্বাচনী কর্মকর্তা জানান, দুটি ল্যাপটপ নিয়ে তথ্য সংগ্রহকারী, ডেটা এন্টি অপারেটর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল ৯টায় গাজীপুর জেলা কারাগারে কাজ শুরু করেন। সেখানে ৩১ জনের তথ্য সংগ্রহের পর বেলা ১টার দিকে তারা কাশিমপুর কারাগারে যান।
শাহ আলম আরও জানান, পুরো শ্রীপুরে বৃহস্পতিবার পর্যন্ত ৪৬ হাজারেরও বেশিজনকে ভোটার হয়েছে। এর মধ্যে পরিচয়পত্র বিলি করা হয়েছে প্রায় ২২ হাজার।
২০০৬ সালের সর্বশেষ তালিকায় শ্রীপুর পৌরসভার ভোটার ছিলো ৪৪ হাজার ৬৮ জন।
আগামী ৩০ জুন পর্যন্ত পাইলট প্রকল্পের কাজ চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/বিআর/এমআই/১২৫৮ ঘ.
bdnews24