২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় নওগাঁ ও ফেনীতে চার জনের যাবজ্জীবন

হত্যা মামলায় নওগাঁ ও ফেনীতে বৃহস্পতিবার চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, আয়নুল হক হত্যা মামলার রায়ে দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 11:57 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় নওগাঁ ও ফেনীতে বৃহস্পতিবার চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, আয়নুল হক হত্যা মামলার রায়ে দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু আহমদ। সাজাপ্রাপ্তরা হলেন, মহাদেবপুর উজেলার লিচু বাগান এলাকার মোজাম্মেল হকের ছেলে শামসুল হক ওরফে তোতা এবং একই উপজেলার কলেজ পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে সেলিম ওরফে সবুজ। এর মধ্যে সবুজ পলাতক রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে ৪ এপ্রিল সন্ধ্যায় মান্দার চেয়ারম্যান বাড়ি এলাকায় ভটভটি চালক আয়নুল হক ও হেলপার কামরুলকে ছুরি মেরে ভটভটি ছিনতাই করে আসামীরা। ওই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আয়নুল মারা যান। পরদিন নিহতের ভাই বাদী হয়ে মান্দা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। ফেনী প্রতিনিধি জানান, শিরিন হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন এবং অপর দুই জনকে ১০ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সমীর কুমার পাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের দুলাল ও কালা মিয়া। ১০ বছর সাজাপ্রাপ্তরা হলেন একই এলাকার কামাল উদ্দিন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে দুলাল ও আনোয়ার পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১১ জুলাই হকদি গ্রামে আসামীরা নূরুল আফসার নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করে। ওই সময় তাকে বাঁচাতে এলে আসামীরা নূরুল আফসারের চাচাতো বোন শিরিনকে গুলি করে। গুলিবিদ্ধ শিরিন সেদিনই মারা যায়। ওই ঘটনায় শিরিনে ভাই নূরুল ইসলাম চার আসামীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৫ ঘ.