ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মা ও শেখ হাসিনার ফুপু আছিয়া খাতুন (৯০) বৃহস্পতিবার দুপুরে নগরীর শিকদার মেডিকেল কলেজে মারা গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় বোন আছিয়া খাতুন মৃত্যুকালে তিন মেয়ে, দুই ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী জানান, বেলা সোয়া একটার দিকে আছিয়া খাতুন মারা যান।
এদিকে, ফুপুর আশঙ্কাজনক অবস্থার খবর পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেলা সোয়া ১২টার দিকে হাসপাতালে যান। তার উপস্থিতিতেই আছিয়া খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে হাসিনা শেখ সেলিমের বনানীর বাসায় রওনা হন।
শেখ সেলিমের ভাতিজা শেখ ফজলে নূর তাপস জানান, শেখ সেলিম যাতে তার মাকে শেষবারের মতো দেখতে পারেন সেজন্য তার স্ত্রী ইতোমধ্যে স্বরাষ্ট্রসচিবের কাছে স্বামীর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছেন।
তাপস বলেন, "আমরা তার (শেখ সেলিম) অপেক্ষায় আছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/জিএনএ/১৭১৮ ঘ.
bdnews24