২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণির দাবি: আড়াই কোটি টাকার বেশিরভাগই আত্মীয়দের দেওয়া

প্রায় ৫ কোটি টাকার সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন দুর্নীতির অভিযোগে বরখাস্ত ও গ্রেপ্তার হওয়া প্রধান বন সংরক্ষক ওসমান গণি। বিবরণীতে তিনি দাবি করেছেন, বিভিন্ন ব্যাংকে ও নিজের কাছে থাকা নগদ প্রায় আড়াই কোটি টাকার বেশিরভাগই তিনি প্রবাসী আত্মীয়-স্বজনদের কাছ থেকে পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 03:17 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় ৫ কোটি টাকার সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন দুর্নীতির অভিযোগে বরখাস্ত ও গ্রেপ্তার হওয়া প্রধান বন সংরক্ষক ওসমান গণি। বিবরণীতে তিনি দাবি করেছেন, বিভিন্ন ব্যাংকে ও নিজের কাছে থাকা নগদ প্রায় আড়াই কোটি টাকার বেশিরভাগই তিনি প্রবাসী আত্মীয়-স্বজনদের কাছ থেকে পেয়েছেন। এদিকে সাবেক মন্ত্রী এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খান সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানোর আবেদন করেছেন। সোমবার ফ্যাক্সের মাধ্যমে তাদের আবেদন কমিশনে পৌঁছায়। কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, ওসমান গণি বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সম্পত্তির হিসাব কমিশনে জমা দেন। মোর্শেদ খান ও তার ছেলের আবেদন প্রসঙ্গে দেলোয়ার হোসেন জানান, বিধি অনুযায়ী কমিশন কেবল সাত দিন সময় বাড়াতে পারে। ওসমান গণি কমিশনে প্রায় ৫ কোটি টাকার যে হিসাব দিয়েছেন তাতে তার স্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন ব্যাংকে সঞ্চিত আছে আরো ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার টাকা। নিজের কাছে নগদ ১ কোটি টাকা থাকার কথাও উল্লেখ করেছেন তিনি। বিবরণীতে দাবি করা হয়েছে, এসব অর্থের বেশিরভাগই প্রবাসী আত্মীয়-স্বজনদের কাছ থেকে পেয়েছেন তিনি। ওসমান গণির বাসায় তল্লাশি চালিয়ে যৌথবাহিনী ওই ১ কোটি টাকা জব্দ করে। এই টাকা সরকারি হেফাজতে রয়েছে। বিবরণীতে প্রায় ১ কোটি ২২ লাখ টাকার অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন ওসমান গণি। এর মধ্যে স্ত্রীর নামে ১২০ ভরি, মেয়ের নামে ৩০ ভরি, শাশুড়ির নামে ১০০ ভরি ও শ্যালক-শ্যালিকার নামে ৫০ ভরি সোনার গহনা থাকার কথা জানিয়েছেন তিনি। ওসমান গণির নিজের নামে ঢাকার পূর্বাচল প্রকল্পে সাড়ে সাত কাঠার একটি প্লট রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ঢাকাসহ দেশের ছয়টি স্থানে জমি ও বাড়ি। এর মধ্যে ঢাকার জিগাতলা মনেশ্বর রোডে একটি পাঁচতলা বাড়ী, উত্তরার দক্ষিণখানে ১৫ কাঠা জমি, উত্তরার ১০ নম্বর সেক্টরে সাড়ে সাত কাঠা ও ১৩ নম্বর সেক্টরে পাঁচ কাঠা জমি, পূর্বাচলে একটি প্লট এবং বরিশালে একটি বাড়ি রয়েছে। স্ত্রীর নামে থাকা সম্পত্তির একটি বড় অংশ শ্বশুড়বাড়ি থেকে 'উপহার' হিসেবে পাওয়া বলে দাবি করেছেন ওসমান গণি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০৫৬ ঘ.