ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলের সিএমএমইউ কার্যালয়ে দরপত্র ছিনতাইয়ের অভিযোগে ১০ জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দ্রুত বিচার আদালতের হাকিম মীর আলী রেজা এ রায় দেন।
রায়ে আসামীদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, এফ কবীর খান শিল্পী, সাজ্জাদ হোসেন রবীন, আবু বক্কর সিদ্দিক, মাজেদুল ইসলাম রুমন, শরীফুল ইসলাম, ইমতিয়াজ, হুমায়ুন কবির, মফিজুর রহমান, শাহবুর রহমান ও রিপন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ কে এম আজাদ স্বাধীনকে খালাস দেয় আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রবিন, শাহবুর ও শরীফুল পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুলাই মতিঝিলের সিএমএমইউ কার্যালয়ে ঠিকাদারদের কাছ থেকে দরপত্র ছিনতাইকালে র্যাব আসামীদের হাতেনাতে গ্রেপ্তার করে। ওই ঘটনায় র্যাব-১০ এর কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুজামান বাদী হয়ে দ্রুত বিচার আইনে মতিঝিল থানার মামলা করেন।
র্যাব-১০ এর কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হান্নান শেখ মামলার তদন্ত শেষে আদালতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24