ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ ১৩ সদস্যকে বাদ দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমন্ডলী পুর্নগঠণের ঘোষণা দিয়েছেন দলের সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।
বুধবার বিকেলে বারিধারায় কে সি মেমোরিয়াল ক্লিনিকে সাংবাদিকদের সামনে তিনি ১১ সদস্যের নতুন সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন।
বি চৌধুরী বলেন, ''আমাদের এলডিপি আসল এলডিপি। রাজনৈতিক মতপার্থক্য থাকলে এক সঙ্গে রাজনীতি করা যায় না বলে অলি আহমেদ নিজ উদ্যোগে আলাদা হয়ে গেছেন। এখন তারা (অলি আহমেদসহ অন্যরা) এলডিপিতে আর নেই।''
নতুন সভাপতিমন্ডলীর ১১ সদস্যেরা হলেন, বি চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ, ড. এম এ মান্নান, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ, আরশাদুজ্জামান, মুকিত খান, অধ্যাপক নুরুল আমীন ব্যাপারী, আরিফ মাইনুদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হালিম, জয়নুল আবেদীন বীর প্রতিক। (আরও তথ্যসহ)
২০০৪ সালের ১০ মার্চ বি চৌধুরীর নেতৃত্বে বিকল্প ধারা ও ২০০৬ সালে ২৬ মার্চ এলডিপি গঠিত হয়।
এলডিপি গঠণের পর ১৭ সদস্যের যে সভাপতিমন্ডলী গঠণ করা হয়, তাতে ছিলেন, বি চৌধুরী, অলি আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর এম এ মান্নান, শেখ রাজ্জাক আলী, আলমগীর কবির, আনোয়ারুল কবীর তালুকদার, ব্যারিস্টার জিয়াউর রহমান খান, রেদোয়ান আহমেদ, এম এ জিন্নাহ, অধ্যাপিকা জাহানারা বেগম, আবদুল করীম আব্বাসী, সৈয়দ মনজুর হোসেন, মনি স্বপন দেওয়ান, মাহী বি চৌধুরী, অধ্যাপক নুরুল আমীন ব্যাপারী, মুকিত খান, আলী কদর।
সভাপতিমন্ডলীর নতুন কমিটিতে আগের কমিটির বি চৌধুরী, মেজর এম এ মান্নান, মুকিত খান ও নুরুল আমীন ব্যাপারীই আছেন।
সাবেক রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ''পার্টির নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই সভাপতিমন্ডলী ঘোষণা করা হয়েছে। নির্বাহী কমিটির ১০০ সদস্যের মধ্যে ৭৭ জন সম্মতি দিয়েছেন।''
সভাপমন্ডিলীর নতুন কমিটিতে নির্বাহী কমিটি বি চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব অনুমোদন করলেও মাহীর আপত্তির কারণে তা গৃহীত হয়নি বলে জানান বি চৌধুরী।
এদিকে বিকেলে অলি আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ''আমরা এলডিপিতেই আছি। ১৭ সদস্যের সভাপতিমন্ডলীর সদস্যের মধ্যে ৪ জন মিলে বাকীদেরকে বের করতে পারে কিনা, তা বিবেচনা করতে হবে। দেশের মানুষের কাছে এর বিচারের ভার দিচ্ছি।''
সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী অলি আহমেদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গ ও আর্দশচ্যুতির অভিযোগ করে তিনি বলেন, '' তাঁর রাজনীতির সঙ্গে এলডিপির রাজনীতির সর্ম্পক নেই। তিনি এলডিপির আর্দশ থেকে সরে গেছে। অলি সাহেব বিভেদ ও বিচ্ছেদের রাজনীতি করেন আর আমি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।''
অলির সঙ্গে এলডিপি গঠণে যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাও ভঙ্গ করেছেন বলে বি চৌধুরী অভিযোগ করেন। তিনি বলেন, "অলি সাহেব রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে যে ভাষা ব্যবহার করেন, তা গ্রহনযোগ্য নয়। তাঁর মধ্যে সবসময় আমিত্ব ভাব প্রকাশ পায়।"
এলডিপির সভাপতি দলীয় গঠণতন্ত্রের খসড়া প্রণয়নের আগে তা গণমাধ্যমে প্রকাশ করার জন্য অলিকেই দায়ী করেন। বি চৌধুরী বলেন, এলডিপি ও বিকল্পধারার মধ্যে কোনো পার্থক্য নেই। বিকল্পধারার আর্দশে এলডিপি গঠিত হয়েছে। সেজন্য এলডিপি ছেড়ে দেওয়ার যে কথা অলি সাহেব বলেছেন, তা সঠিক নয়। তার এই বক্তব্য হাস্যকর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''তারা এলডিপি নয়, এলডিসি করবে। এলডিপিতে তারা নেই। তার আর্দশের সঙ্গে আমাদের মিল নেই। তারা যে পথে যেতে চান সে পথেই যাক।''
সভাপতিমন্ডলীর সদস্য নিয়োগের বৈধতা সর্ম্পকে জানতে চাইলে এলডিপি সভাপতি জানান, দলের নির্বাহী কমিটি নতুন সভাপতিমন্ডলী অনুমোদন দিয়েছে। এটা বৈধ।
দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান বলেন, "অলি সাহেব য়ৌথ নেতৃত্বের ভুল ব্যাখ্যা দিয়ে এলডিপি ছেড়ে গেছেন। তিনি এলডিপির মূলনীতির বিরুদ্ধে। আমি কিংবা আমার সভাপতি কখনো বলেননি আমরা এলডিপি ছেড়ে বিকল্পধারা করব। উনি (অলি আহমেদ) মিথ্যাচার করেছেন।"
মাহী বি চৌধুরী অলি আহমেদের নতুন দলের প্যাডে লিবারেল শব্দের বানান ভুল হয়েছে জানিয়ে উপহাস করে বলেন, অলি আহমেদ যকৃৎ (লিভারেল) ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট পার্টি (ডিএনপি) নামে দুইটি রাজনৈতিক দলের প্যাডে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। ওই দুটি দলে নির্বাহী সভাপতির কোনো পদও নেই দাবি করে মাহী নির্বাচন কমিশনে পাঠানো চিঠির কপি সাংবাদিকদের দেখান।
সংবাদ সম্মেলনে দলের নেতাদের মধ্যে আবদুল হালিম, আরশাদুজ্জামান, গিয়াস উদ্দিন আহমেদ, সানাউল হক নীরু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭২০ ঘ.
bdnews24