ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের (বারডেম) চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা মঙ্গলবারও কাজে যোগ দেননি। চাকরি স্থায়ী করা অথবা চুক্তির মেয়াদ বাড়ানোর দাবিতে সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন চুক্তিভিত্তিক প্রায় তিনশ' চিকিৎসক।
এই অবস্থায় রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। নারায়ণগঞ্জ থেকে হৃদরোগের চিকিৎসা করাতে আসা মনিরুজ্জামান চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালের ১২ তলায়। তার ভাই মো. সেলিম জানান, অন্য দিন দুই ঘণ্টা অন্তর অন্তর চিকিৎসকরা এসে রোগীর অবস্থা দেখে যেতেন। কিন্তু সোমবার থেকে দিনে মাত্র একবার এসেছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে হাসপাতালের তিনজন জ্যেষ্ঠ চিকিৎসক একবার ১২ তলায় এসেছিলেন। এরপর সারাদিন আর কেউ আসেননি।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কক্ষগুলো ফাঁকা। অনেকগুলো তালাবদ্ধ। হাসপাতালের সেবক ও সেবিকাদের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়েছেন রোগীরা।
তবে এই পরিস্থিতিতেও হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম স্বাভাবিক চলেছে বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/২২৪৪ ঘ.
bdnews24