ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--উপজেলা নির্বাচনের সব ধরনের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "ভোটার তালিকা চূড়ান্ত হলেই উপজেলা নির্বাচন বিধি সংশোধন করে এ হস্তান্তরের কাজ সম্পন্ন করা হবে।"
এতোদিন জাতীয় ও স্থানীয় নির্বাচনের সব দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে এলেও উপজেলা নির্বাচন পরিচালনাসহ এর তত্ত্বাবধান করতো স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে নির্বাচন কমিশন শুধু উপজেলা নির্বাচনটি আয়োজন করে দিতো। এখন নির্বাচনী আইন সংস্কার করে উপজেলা নির্বাচনের সকল বিষয় কমিশনের কাছে হস্তান্তর করা হচ্ছে; বাদ দেওয়া হচ্ছে এই নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা।
উপদেষ্টা বলেন,"পৃথকভাবে করতে গেলে জাতীয় ও উপজেলা নির্বাচনের জন্য দ্বিগুণ ব্যয় হবে। তাই জাতীয় নির্বাচনের সঙ্গে উপজেলা নির্বাচন অনুষ্ঠান করা যায় কিনা, তাও পরীক্ষা করে দেখার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেয়া হবে।"
তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হলেই স্থানীয় সরকার সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে। এ ব্যাপারে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, জেলা পরিষদ আইনে প্রশাসক নিয়োগে কোন বাধা নেই। তবে সরকার এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুর্নীতির খাতগুলো চিহ্নিত করে নথিপত্র দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24