ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বাথরুম থেকে সোমবার আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জোহরা খান প্রজ্ঞার লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রজ্ঞা ওই হলের ১৩ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী। পুলিশ ধারণা করছে, সে আত্মহত্যা করেছে।
হলের ছাত্রীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে তারা বাথরুমের দরজা অনেকক্ষণ ধরে ভেতর থেকে বন্ধ দেখে হল কর্তৃপক্ষকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়।
রমনা থানার পুলিশ সকাল পৌনে নয়টার দিকে বাথরুমের দরজা ভেঙে প্রজ্ঞার লাশ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল।
রমনা থানার উপপরিদর্শক হামিদা পারভীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রজ্ঞা আত্মহত্যা করেছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রজ্ঞার বাড়ি গাজীপুরে। পাঁচ ভাইবোনের মধ্যে প্রজ্ঞা দ্বিতীয়। তার বাবা নজির উদ্দিন খান মাদ্রাসার শিক্ষক।
ঘটনাস্থলে উপস্থিত প্রজ্ঞার চাচা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রজ্ঞা পড়াশোনায় খুব ভালো ছিল। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার পর সে গাজীপুর গিয়েছিল। রোববার সে বাড়ি থেকে ঢাকায় আসে।
প্রজ্ঞার এক রুমমেট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত প্রায় দেড়টা পর্যন্ত তারা আড্ডা দিয়েছেন। তখনো পর্যন্ত তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি তিনি। প্রজ্ঞার রুমমেট তার নাম প্রকাশ করতে রাজি হননি।
উপপরিদর্শক হামিদা পারভীন জানান, রোকেয়া হলের প্রাধ্যক্ষ তাজমেরী এসএ ইসলামের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জেকে/জিএনএ/১৫৩৪ ঘ.
bdnews24