ময়মনসিংহ, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের রকেটের আঘাতে মুক্তাগাছায় এক মহিলা মারা গেছেন। রোববার দুপুর তিনটায় পাগারপাবাই গ্রামে এ ঘটনা ঘটে।
মহিলার নাম রমিজা খাতুন (৩০)। তিনি সে সময় মাঠে ছাগল চড়াচ্ছিলেন।
বিমান বাহিনীর একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "দুর্ঘটনাক্রমে বিমানটি থেকে রকেটটি ছুটে যাওয়ায় এই দুঃখজনক ঘটনা ঘটে।"
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের প্রশিক্ষণের জন্য টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে একটি ফায়ারিং রেঞ্জ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমএইচবি/০১৫৪ ঘ.
bdnews24