২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের নতুন সাংগঠনিক কাঠামো সচিব কমিটিতে অনুমোদিত

দুর্নীতি দমন কমিশনের জন্য এক হাজার ২৮১ জনের নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত সচিব কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের জন্য এক হাজার ২৮১ জনের নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত সচিব কমিটি। কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, রোববার সচিব কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। তিনি জানান, ওই সাংগঠনিক কাঠামো চলতি সপ্তাহেই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠানো হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন নিকারের সভায় বিষয়টি অনুমোদন পেলে আগামী মাস থেকেই কমিশনে লোক নিয়োগ শুরু হবে। মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় দেলোয়ার হোসেন ছাড়াও অন্যান্য সচিবরা উপস্থিত ছিলেন। নতুন কাঠামোটি পাশ হলে কমিশনের জনবল ৬৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ২৮১ জন করা হবে। এরমধ্যে মহাপরিচালকের সংখ্যা ৫ জন থেকে বাড়িয়ে ৬ জন, পরিচালক ১৫ জন থেকে বাড়িয়ে ১৯ জন, উপপরিচালক ৪৬ জন থেকে বাড়িয়ে ৮১ জন, সহকারী পরিচালক ৭৬ জন থেকে বাড়িয়ে ১৩৩ জন এবং উপসহকারী পরিচালকের সংখ্যা ৬২ জন থেকে বাড়িয়ে ১২৪ জন করা হবে। এ ছাড়া মাঠ কর্মকর্তার পদ বিলুপ্ত করে এবং নতুন সহকারী পরিদর্শকের পদ সৃষ্টি করে সেখানে আরও ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামার নামে দুটি পদ সৃষ্টি করে সেখানে দুই জনকে নিয়োগ দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, কমিশনের নতুন জনবলের একটি অংশ সরাসরি নিয়োগের মাধ্যমে ও বাকি পদগুলো প্রেষণে নিয়োগ দিয়ে পূরণ করা হবে। তিনি জানান, নতুন কাঠামোতে পাবলিক প্রসিকিউটর নামে কোনো পদ থাকবে না। তবে কমিশনকে আইনগত সহায়তা দিতে ১০ জন স্থায়ী আইন কর্মকর্তা থাকবেন। এছাড়া মামলা পরিচালনার জন্য প্রতিটি মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে বিশেষজ্ঞ আইনজীবীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯৪০ ঘ.