২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ঢাকার কেরাণীগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় রোববার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। ঢাকা--মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জে রোববার সকালে ঢাকা থেকে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ পাঁচজন নিহত হন; আহত হন সাত জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় রোববার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। ঢাকা--মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জে রোববার সকালে ঢাকা থেকে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ পাঁচজন নিহত হন; আহত হন সাত জন। নিহতরা হলেন নূর জাহান (৫০), তার নাতনী আফসানা আক্তার (৯), হালিমা বেগম, আলী হোসেন (৬৫)। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লাল রঙের শাড়ি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে সকাল সাড়ে ১১টার পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়। নিহত নুরজাহান ও আফসানার বাড়ি মাদারীপুরের চর বাছামারায়। আর হালিমা বেগমের বাড়ি মাদারীপুরের শিবচরে। নিহত নুরজাহানের স্বামী ইনসাফ মাতবর (৭০) ও তার ছেলে এনামুল (২৫) এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অন্যান্যরা হলেন- সবুজ (২৫), ইউসুফ আলী (৪০), মো. রিপন (৪০), কাওসার (৯) ও অজ্ঞাত একজন পুরুষ (৩৪)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপ্না রায় জানান, নিহতদের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তিনি জানান, বাস ও ট্রাকটি আটক করা গেলেও কোনও চালক কিংবা সহকারীকে গ্রেপ্তার করা যায়নি। আহত ইনসাফ ও এনামুল মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইনসাফ জানান, তার মেজো ছেলে শনিবার সৌদি আরব গেছেন। তাকে বিমানে তুলে দিতে তারা সপরিবারে ঢাকায় আসেন। রাতে এক আত্মীয়ের বাসায় থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার বাঘড়ায় ঢাকা-দোহার সড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন। মুন্সীগঞ্জের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ: রোববার ভোরে ঘিওর উপজেলার পুকুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় আলাউদ্দিন ও সুজন চৌধুরী নামে দুজন নিহত হন। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহম্মেদ জানান, ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহত আলাউদ্দিনের বাড়ি ঘিওরের পুকুরিয়ায়; অন্যদিকে সুজনের বাড়ি শিবালয় উপজেলার টেপরা গ্রামে। কুমিল্লা: ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুর নামক স্থানে রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাকের সঙ্গে ও কুমিল্লা থেকে ঢাকাগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আলী মিয়া নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত আলী মিয়ার বাড়ি গাজীপুরের কালীগঞ্জ গ্রামে। আহতরা হচ্ছেন সুমন (২৫), বোরহান (৫০), প্রাইভেট কারের চালক খলিল (৩০) এবং অজ্ঞাত (২৫)। হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। দাউদকান্দি থানার উপ--পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় আহতদের দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জামালপুর: দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ইসলামপুর হাসপাতাল রোড অতিক্রম করার সময় বাসচালকের সহকারী রিপন আকন্দ (২৮) গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গুরুতর আহত অবস্থায় রিপনকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা--সিলেট মহাসড়কের বাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের চৌরঙ্গী মোড়ে একটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে হাবিবুল্লাহ (২৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতের বাড়ি শহরের পইরতলায়। শাহবাজপুর পুলিশ ফাড়ির দায়িত্বরত উপ--পরিদর্শক আবু দাউদ জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পকেট থেকে পাওয়া কয়েকটি মোবাইল ফোনে যোগাযোগ করে তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এমএআর/এমআই/এমআই/এমআই/১৯৪৮ ঘ.