সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী শনিবার গভীর রাতে হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা গেছেন।
নিহত আবদুল বাসিত (৫০) - এর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার মুচকাপুর গ্রামে।
নিহতের বড় ভাই সাইফুল আলম বলেন, "বাসিত মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২২ জুন বিষাক্ত কীটনাশক পান করলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। "
বাসিত ১নং ওয়ার্ডের ১৬ নং বেডে ডা. গৌতম কুমার রায়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার রাত ২টায় হঠাৎ করে দৌড়ে গিয়ে বাসিত চতুর্থ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শাহী আলম বলেন, "লাফ দিয়ে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাটি আমি নিজে তদন্ত করছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসি/১৭২৭ ঘ.
bdnews24