২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ যাচাইয়ের আগে কাউকে গ্রেপ্তার নয়

এখন থেকে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হবে না। অভিযোগ যাচাই করে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা মইনুল সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার সুযোগে কেউ যেন আইনের অপব্যবহার করতে না পারেন সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এখন থেকে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে কাউকে গ্রেপ্তার করা হবে না। অভিযোগ যাচাই করে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা মইনুল সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থার সুযোগে কেউ যেন আইনের অপব্যবহার করতে না পারেন সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে। দায়ের করা মামলাগুলোর যাবতীয় তথ্য সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করবেন তারা।" অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "এখন থেকে অস্ত্র আইন অনুযায়ী সবাই আগের মতো অস্ত্রের লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।" নিষেধাজ্ঞা জারি থাকায় এতোদিন সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে মেজর বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তা এবং বেসামরিক সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে উপসচিব বা তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারাই কেবল লাইসেন্সের জন্য আবেদন করতে পারতেন। এর বাইরে আর কাউকে লাইসেন্স দেওয়া হতো না। শেখ হাসিনা ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে একই ধরনের মামলা রয়েছে। মুজাহিদকে বিদেশ যেতে দেওয়া হয়েছে অথচ হাসিনাকে কেন যেতে দেওয়া হলো না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ বিষয়গুলো মামলার ধরনের ওপরই নির্ভর করে। তবে আদালতই এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।" বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম বলেন, "বেসরকারি ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বর্তমানে বছরে দুই লাখ টাকা আয়কর দেওয়ার যে সীমারেখা আছে তা কমিয়ে আনা যায় কিনা সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।" "পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে আগামী বৈঠকে উত্থাপন করা হবে।" স্বরাষ্ট্র সচিব জানান, রোববারের বৈঠকে অরাজনৈতিক সংগঠন এয়ারলাইন্স ট্র্যাভেল এজেন্সিস অফ বাংলাদেশ (আটাব) ও সরকারি কর্মকর্তাদের সংগঠনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়েও অনুমতি দেওয়া হয়েছে। তবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার নির্বাচনের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব জানান, থানায় মামলা দায়েরের সংখ্যা বেড়েছে। তার মানে এই নয় যে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। আগে বিভিন্ন কারণে মামলা দায়ের করা হতো না বা থানা মামলা নিতো না। এখন যে কেউ যে কোনো অভিযোগে থানায় মামলা করতে পারছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জেকে/১৬৩০ ঘ.