২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা মৎস্য কেন্দ্রে গুটিকয়েক ব্যবসায়ীর একচ্ছত্র আধিপত্য খর্ব

গুটিকয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হলো বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। যৌথবাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার এক সভায় অবতরণ কেন্দ্রটির জন্য নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে আর কয়েকজন আড়তদারের কাছে জিম্মি থাকতে হবে না- এ ভরসায় জেলেরাও ট্রলার ভর্তি মাছ নিয়ে কেন্দ্র ভিড়তে শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:22 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বরিশাল, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুটিকয়েক ব্যবসায়ীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হলো বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। যৌথবাহিনীর হস্তক্ষেপে বৃহস্পতিবার এক সভায় অবতরণ কেন্দ্রটির জন্য নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে আর কয়েকজন আড়তদারের কাছে জিম্মি থাকতে হবে না- এ ভরসায় জেলেরাও ট্রলার ভর্তি মাছ নিয়ে কেন্দ্র ভিড়তে শুরু করেছেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম খান শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, বৃহস্পতিবার রাতে তার সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে মৎস্য আড়ৎদারদের সঙ্গে যৌথবাহিনীর রুদ্ধদ্বার বৈঠক হয়। জেলেদের হয়রানি বন্ধসহ কেন্দ্র তদারকির জন্য সভায় পাঁচ সদস্যের একটি কমিটি করার সিদ্ধান্ত হয় বলে ইউএনও জানান। ইউএনও নিজেই ওই কমিটির আহ্বায়ক থাকবেন। বৈঠক সূত্র জানায়, আড়তদার সমিতির ৩০ সদস্য ১৩ বছর ধরে অবতরণ কেন্দ্রটি নিয়ন্ত্রণ করে আসছেন বলে সমিতির সাধারণ সম্পাদক মোহম্মদ শরীফ সভায় স্বীকার করেন। তিনি আরও জানান, এ সময়ের মধ্যে অনেকে আবেদন করলেও সমিতিতে নতুন কাউকে সদস্যপদ দেওয়া হয়নি। এছাড়া সমিতির বাইরে অন্য মাছ ব্যবসায়ীদের কাছে জেলেদের মাছ বিক্রি করতে বাধা দেওয়া হতো। আর জেলেদের মাছ বিক্রির টাকার ২০ শতাংশ সমিতিতে জমা দিতে হতো। এছাড়া ওজনেও জেলেদের ঠকানো হতো বলে অভিযোগ ছিল। মজিদ হাওলাদার নামে এক জেলে অভিযোগ করেন, সমিতির সদস্যরা ৪৫ কেজি সমান এক মণ ধরে মাছ কিনতেন। বৃহস্পতিবারের সভায় এক মণ সমান ৪২ কেজি হিসাবে মাছ বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানায়। এছাড়া জেলেরা মাছ বিক্রির শতকরা ৫ টাকা হারে সমিতিকে দেবেন এবং যে কেউ সমিতির সদস্য হতে পারবেন বলে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বরগুনা জেলা কমান্ডার মো. কামাল হোসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক রফিকুল ইসলামসহ আড়ৎদার সমিতির সদস্যরা। পাথরঘাটা মৎস্য ট্রলার সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, শুক্রবার থেকে জেলে এবং আড়ৎদাররা নতুন এ নিয়মে মাছ কেনা শুরু করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৭১৬ ঘ.