২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক নওরোজের দুই সাংবাদিক ২ দিনের রিমান্ডে

চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় দৈনিক নওরোজ এর প্রধান প্রতিবেদক মহসিন এ স্বপন চৌধুরী ও সিনিয়র প্রতিবেদক মো. সেলিম রেজাউলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে খিলগাঁও থানা পুলিশ। এছাড়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও এনটিভি'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় দৈনিক নওরোজ এর প্রধান প্রতিবেদক মহসিন এ স্বপন চৌধুরী ও সিনিয়র প্রতিবেদক মো. সেলিম রেজাউলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে খিলগাঁও থানা পুলিশ। এছাড়া সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও এনটিভি'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দৈনিক নওরোজ এর প্রধান প্রতিবেদক মহসিন এ স্বপন চৌধুরী ও সিনিয়র প্রতিবেদক মো. সেলিম রেজাউলকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান এ মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ পরিদর্শক মো. আহসান হাবীব। রিমান্ড আবেদনে বলা হয়, 'অভিযুক্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক হোটেল ও সম্মানিত ব্যক্তির কাছ থেকে মিথ্যা খবর ছাপানোর ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। তাদের সহযোগীদের নাম ঠিকানা সংগ্রহের জন্য ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। অন্যদিকে স্বপন চৌধুরী ও মো. সেলিমের পক্ষে এ্যাডভোকেট তাইজুল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন জামিন আবেদন বাতিল করে দিয়ে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। র‌্যাব সদস্যরা গত ২০ জুন স্বপন চৌধুরী ও মো. সেলিমকে গ্রেপ্তার করে। এদিকে ৩ দিনের রিমান্ড শেষে গাড়ির রেজিস্ট্রেশন জাল করার মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে সালাহউদ্দিন আহমেদকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর হাকিম আবদুর রউফ খান এই আদেশ দেন। সালাউদ্দিন গত ১২ জানুয়ারি ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। ১ এপ্রিল তার বিরুদ্ধে গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করা হয়। এছাড়া সাংসদদের শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি কেনার মামলায় ৩ দিন রিমান্ড শেষে এনটিভি'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বাপ্পীকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার পর হাকিম জগন্নাথ দাস খোকন তাকে কাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন গত ৭ মার্চ এ মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/২০৪৪ ঘ.